অগ্নিনিরাপত্তা সনদ নেই, এমন ভবনের বিরুদ্ধে অভিযান শুরু হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার কাজী আলাউদ্দিন রোডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে সংস্থার মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিনসহ অন্য কর্মকর্তারা
ছবি: সংগৃহীত

যেসব ভবনের অগ্নিনিরাপত্তা সনদ নেই, সেসব ভবনের বিরুদ্ধে আগামী সপ্তাহে অভিযান চালানোর ঘোষণা দিয়েছে ফায়ার সার্ভিস। আজ বুধবার বিকেলে পুরান ঢাকার কাজী আলাউদ্দিন রোডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে সংস্থার মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন এ ঘোষণা দেন। শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কে উদ্ধার অভিযান শেষে ফায়ার সার্ভিসের ১২ সদস্যের ফিরে আসা উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন বলেন, পুরান ঢাকার নিমতলী (২০১০) ও চুড়িহাট্টা (২০১৯) অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশন এই এলাকায় কোনো কারখানার লাইসেন্স দিচ্ছে না। এর পর থেকে পুরান ঢাকায় যেসব ভবন নির্মাণ হয়েছে, তা এখনো অবৈধ অবস্থায় আছে।

এসব ভবনে কী কী অগ্নিনিরাপত্তা–ব্যবস্থা নেওয়া হয়েছে, তা দেখতে ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশন মিলে অভিযান চালানো হবে। যেসব ভবনে অগ্নিনিরাপত্তার বিধান মানা হয়নি অভিযানে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।