ঢাকার চারপাশে নদ-নদী রক্ষায় কেন্দ্রীয় সেল
রাজধানী ঢাকার চারপাশের নদ–নদীর দখল–দূষণ রোধ করে নদীর স্বাভাবিক নাব্য রক্ষা ও দখল হয়ে যাওয়া নদ–নদী পুনরুদ্ধার করতে কেন্দ্রীয় সেল গঠন করেছে সরকার। গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রজ্ঞাপনে এ সেল গঠনের কথা জানানো হয়।
৩৭ সদস্যের কেন্দ্রীয় এ সেলের আহ্বায়ক হিসেবে থাকবেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। এ সেলের অধীনে থাকবে তিনটি সাব–কমিটি। প্রজ্ঞাপনে কেন্দ্রীয় সেল ও এসব সাব–কমিটির কাজের ক্ষেত্র নির্ধারণ করে দেওয়া হয়েছে।
ঢাকার চারপাশে নদীগুলো হলো বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা, বালু ও ধলেশ্বরী।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; নৌপরিবহন মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী এ কেন্দ্রীয় সেলের উপদেষ্টা হিসেবে কাজ করবেন। এ সেলের সমন্বয়কের দায়িত্বে থাকবে বাংলাদেশ নৌবাহিনী।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাব–কমিটি–১ শিল্পবর্জ্যসহ সকল বর্জ্যের উৎসমুখ নিয়ন্ত্রণ, উপ–কমিটি–২ খাল ও ড্রেনের বর্জ্য অপসারণ, নদী পুনরুদ্ধার ও পানির প্রবাহ সচল রাখা এবং সাব–কমিটি–৩ নদীর তলদেশে জমে থাকা স্থায়ী বর্জ্য অপসারণসহ দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করবে।
প্রতি মাসে কেন্দ্রীয় সেল তাদের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করবে।
বুড়িগঙ্গাসহ ঢাকার চারপাশের নদীগুলোতে দূষণ নিয়ন্ত্রণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনা সম্পর্কিত চলমান প্রকল্পগুলোর পর্যালোচনা ও সমন্বয় করবে কেন্দ্রীয় সেল।
সাব–কমিটি–১ এর আহ্বায়ক করা হয়েছে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে। এ সাব–কমিটিতে সদস্য আছেন ১৭ জন। সাব–কমিটি–২ তে সদস্য আছেন ১৬ জন। এ সাব–কমিটিতে আহ্বায়ক করা হয়েছে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবকে। সাব–কমিটি–৩ এ সদস্য আছেন ১৪ জন। এ সাব–কমিটির আহ্বায়ক করা হয়েছে বিআইডব্লিউটিএর চেয়ারম্যানকে।