চাঁদাবাজির অভিযোগে ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিঠুন বাড়ৈ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক সহসভাপতিকে চাঁদাবাজি, সংগঠনের পরিচয় ব্যবহার করে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে অভিযুক্ত ছাত্রলীগ নেতার অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম ফরাজী ও সাধারণ সম্পাদক আকতার হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে সহসভাপতি মিঠুন বাড়ৈকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় নির্বাহী সংসদের কাছেও তাঁকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকতার হোসাইন প্রথম আলোকে বলেন, ‘অভিযুক্ত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে একাধিক চাঁদাবাজি ও সংগঠনের নাম-পরিচয় ব্যবহার করে নানা অপরাধমূলক কর্মকাণ্ড করার প্রমাণ এসেছে। তাই আমরা এই ব্যবস্থা নিয়েছি।’

অভিযোগের বিষয়ে মিঠুন বাড়ৈ প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে আমার সম্পর্ক খারাপ, নেতা–কর্মীরা সবাই জানে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হচ্ছে।’ তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে কী অভিযোগ, সেই সম্পর্কেও আমাকে জানানো হয়নি। যদি কোনো অভিযোগ থেকেই থাকে, তবে গণমাধ্যমকর্মীদের সামনে তা প্রকাশ করা হোক।’