বিক্রেতারা তাকিয়ে একুশের দিকে
বইমেলায় বেচাকেনার বড় দুটি উপলক্ষ থাকে বসন্ত উৎসব আর একুশে ফেব্রুয়ারি। আগে পয়লা ফাল্গুনে বসন্ত উৎসব আর ভালোবাসা দিবস আলাদা দিনে পড়ত। এখন বাংলা একাডেমি বাংলা দিনপঞ্জিকার আধুনিকায়ন করায় অন্য অনেক দিবসের মতো এই দুটি দিবসও একই দিনে পড়ছে। বসন্ত উৎসব পেরিয়ে গেছে। বেচাকেনায় যে গতি এসেছে, তা একুশে ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে, এমনই আশা করছেন প্রকাশকেরা।
গতকাল সপ্তাহের প্রথম কর্মদিবসে বরাবরের মতোই মেলা খুলেছে বেলা তিনটায়। লোকজনের উপস্থিতি স্বাভাবিকভাবেই ছুটির দিনের তুলনায় কম ছিল। যাঁরা এসেছেন, তাঁদের অনেকেই কেনাকাটা করেছেন। সন্ধ্যায় প্রথমার স্টলে কথা হলো মাইলস্টোন কলেজের সহযোগী অধ্যাপক শাফায়েত উদ্দিনের সঙ্গে। দুই কন্যা সাবাবা, সাফাসহ সপরিবার মেলায় এসেছেন। তিনি বললেন, ভিড় একটু কম থাকবে, জেনেই অফিস শেষ করে মেলায় এসেছেন। বিভিন্ন প্রকাশনীর অনেক নতুন বই এসেছে। যাচাই–বাছাই করে বই কেনা যায়। সে জন্য মেলার এই নিরিবিলি পরিবেশ তাঁর পছন্দ। তিনি বেশ কিছু বই কিনেছেন প্রথমা থেকে। এর মধ্যে ছিল সিরাজুল ইসলাম চৌধুরীর উনসত্তরের গণ-অভ্যুত্থান ও জনমুক্তির প্রশ্ন, মতিউর রহমানের লাল সালাম: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গঠন সংগ্রাম: ১৯৪৭-১৯৭১, মহিউদ্দিন আহমদের তাজউদ্দীন নামে একজন প্রধানমন্ত্রী ছিলেন।
মেলার পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করলেন শিল্প একাডেমির চারুকলা বিভাগের সাবেক পরিচালক ও গীতিকার আ বা ম ছালাউদ্দিন। প্রায় কুড়ি বছর ধরে তিনি চীনে বসবাস করছেন। সেখানে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগে দীর্ঘদিন কাজ করে অবসরে গেছেন। তিনি বললেন, দেশে থাকলে প্রতিবছর একাধিকবার মেলায় আসতেন। এখন সে সুযোগ হয় না। এবার অনেক বছর পর বইমেলায় এসে খুব ভালো লাগছে। স্বপ্ন-৭১ থেকে প্রকাশিত দেলোয়ার হোসেনের ভ্রমণকাহিনি প্যারিস যাত্রী বইটি কিনেছেন। খুঁজে খুঁজে তরুণ লেখকদের বই কিনবেন বলে জানালেন।
মেলায় লোকসমাগম কিছু কম থাকলেও নতুন বই প্রকাশের কমতি নেই। তথ্যকেন্দ্রে গতকাল নতুন বইয়ের নাম জমা পড়েছে ১০৪টি। নতুন বইয়ের মধ্যে শাপলা প্রকাশ এনেছে নির্মলেন্দু গুণের কাব্যোপন্যাস আই লাভ ইউ, জাগৃতি এনেছে সেলিম জাহানের অর্থনীতিবিষয়ক বাংলাদেশের অর্থনীতি: বর্তমান ও ভবিষ্যৎ, প্রথমা এনেছে প্রদীপ দেবের বিজ্ঞানবিষয়ক জামাল স্যারের মহাবিশ্ব: প্রফেসর জামাল নজরুল ইসলামের বৈজ্ঞানিক জীবন। ইউপিএল এনেছে মো. কাওসার হাসান সম্পাদিত ৩৬ জুলাই: গ্রাফিতির ভাষায় চব্বিশের অভ্যুত্থান। কাঠবিড়ালী এনেছে মাসুম বিল্লাহর কিশোর উপন্যাস গুড মর্নিং পাপা, আদর্শ এনেছে ফাহমিদুল হকের রাজনীতিবিষয়ক জুলাই জাগরণের দিনলিপি, অনুপম এনেছে মোরশেদ শফিউল হাসানের রোজনামচা, দহনকালের দিনলিপি: হাওয়ার গায়ে লেখাজোখা, কথাপ্রকাশ এনেছে খসরু পারভেজের প্রবন্ধ জানা অজানা মধুসূদন, সংবেদ এনেছে মাহমুদ শরীফের উপন্যাস অতীত বর্তমান ভবিষ্যৎ, বাঙ্গালা গবেষণা এনেছে আজাদ খান ভাসানীর রাজনীতিবিষয়ক মওলানা ভাসানীর জেলজীবন, আহমদ পাবলিশিং হাউস এনেছে শহিদুল ইসলামের প্রবন্ধ সাহিত্য ও জীবন। আগামী এনেছে জিনাত আরার কবিতা জীবন যখন নিউইয়র্কে, ঐতিহ্য এনেছে জিয়া হাশানের প্রিয় ১৫ গল্প এবং হেলাল হাফিজের ৫০ প্রেমের কবিতা, অন্যপ্রকাশ এনেছে হাসনাত আবদুল হাইয়ের উপন্যাস ওয়েটিং রুম।
বামপন্থার সুরতহাল
সম্প্রতি রাজনীতিক-লেখক-গবেষক বদরুদ্দীন উমরের একটি দীর্ঘ সাক্ষাৎকার নিয়েছেন আরেক জনপ্রিয় রাজনৈতিক লেখক মহিউদ্দিন আহমদ। এই সাক্ষাৎকারের ভিত্তিতেই বামপন্থার সুরতহাল: বদরুদ্দীন উমরের ইতিহাস পরিক্রমা বইটিতে জানা যায় তাঁর জীবনের বিচিত্র অভিজ্ঞতার কথা।
বদরুদ্দীন উমর ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। চাকরি ছেড়ে তিনি এলেন সার্বক্ষণিক রাজনীতিতে। এরপর গণতান্ত্রিক অধিকারের দাবিতে নানান সংগঠন ও আন্দোলনের সঙ্গে জড়িয়ে আছেন অনেকগুলো বছর। একই সঙ্গে সভা-সেমিনারে বক্তব্য দিচ্ছেন। লেখালেখি করেছেন দুহাতে। বদরুদ্দীন উমর কি কেবল একজন শিক্ষক, লেখক, নাকি রাজনীতিবিদ? একসময় ইউরোপে একটা কথা চালু হয়েছিল—অর্গানিক ইন্টেলেকচুয়াল। পণ্ডিতেরা তত্ত্ব দেবেন আর পলিটিশিয়ানরা মাঠে তা প্রয়োগ করবেন, এই সনাতন রীতি এখন অচল। তত্ত্ব ও প্রয়োগের মিথস্ক্রিয়ায় যে অর্গানিক সম্পর্ক তৈরি হয়, তার প্রতিফলন ঘটে দৃষ্টিভঙ্গিতে ও কাজে। বদরুদ্দীন উমরের মধ্যে একজন আধুনিক অর্গানিক ইন্টেলেকচুয়ালকে খুঁজে পাওয়া যায়, বইটিতে সে বিষয়টি দেখিয়েছেন লেখক।