সিঁড়ি থেকে পড়ে আহত সলিমুল্লাহ মেডিকেলের ছাত্রের মৃত্যু
চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন অন্তর রায় (২০)। লক্ষ্য অর্জনে মন দিয়ে পড়াশোনাও করতেন। কিন্তু আচমকা এক দুর্ঘটনায় থমকে গেল তাঁর স্বপ্ন। গত শনিবার কলেজের আবাসিক হোস্টেল থেকে পা পিছলে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান অন্তর। চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার গভীর রাতে মারা যান তিনি।
অন্তরের সহপাঠীরা জানান, শনিবার দুপুর ১২টার দিকে কলেজের আলাউদ্দিন ছাত্রাবাসের সিঁড়িতে পা পিছলে পড়ে যান অন্তর। এতে সিঁড়ির কয়েক ধাপ গড়িয়ে পড়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান তিনি। গুরুতর আহত অবস্থায় তাঁকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দিবাগত রাত তিনটার দিকে তাঁর মৃত্যু হয়।
অন্তরের মা রঙ্গিনা রানী বলেন, তাঁর ছেলে সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫০তম ব্যাচের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। আলাউদ্দিন ছাত্রাবাসের ৩০৮ নম্বর কক্ষে থাকতেন তিনি।
অন্তরের বাবা নরোত্তম রায় বেঁচে নেই। তাঁদের গ্রামের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার মোনালখুঁড়ি ঘুড়িবাড়ি এলাকায়।