শ্যামলীতে আগুনে ১৫টি টিনের ছাপরা পুড়ে গেছে
রাজধানীর শ্যামলী ৩ নম্বর রোডে আজ বৃহস্পতিবার বিকেলে আগুনে ১৫টির মতো টিনের ছাপরা পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
পাশাপাশি থাকা এক সারি টিনের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিসের সদর দপ্তর জানায়, আজ বিকেলে শ্যামলী ৩ নম্বর রোডে সারিবদ্ধ বেশ কিছু টিনের ছাপরার মধ্যে একটিতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বেলা সোয়া তিনটার দিকে ফায়ার সার্ভিসের মোহাম্মদপুরের দুটি স্টেশন আগুন নেভাতে শুরু করে। এক ঘণ্টা পানি ছিটিয়ে বিকেল সোয়া চারটার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
যোগাযোগ করা হলে ফায়ার সার্ভিসের সদর দপ্তর মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম প্রথম আলাকে বলেন, আগুনে ১৫টির মতো ছাপরা পুড়ে গেছে। এতে কেউ হতাহত হয়নি। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।