প্রায় ছয় ঘণ্টা পর সরল তল্লাশিচৌকি
বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ঢাকা–আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় বসানো তল্লাশিচৌকি প্রায় ছয় ঘণ্টা পর সরিয়ে নিয়েছে পুলিশ। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আজ বুধবার সকাল আটটা থেকে ঢাকাগামী বিভিন্ন গণপরিবহন, প্রাইভেট কার ও মাইক্রোবাসে তল্লাশি শুরু করে। প্রায় ছয় ঘণ্টা পর বেলা দুইটার দিকে তল্লাশিচৌকি তুলে নেওয়া হয়। পুলিশ বলছে, এটা নিয়মিত তল্লাশির অংশ।
তবে সমাবেশে আগত বিএনপি নেতা–কর্মীরা অভিযোগ করেন, সমাবেশে জনসমাগম ঠেকাতেই এই তল্লাশি বসানো হয়েছে।
এদিকে বাসের চালক ও যাত্রীরা বলছেন, গত এক–দুই মাসে আমিনবাজার এলাকায় কোনো তল্লাশি চোখে পড়েনি। আজ এই তল্লাশির কারণে দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে।
আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) হারুন অর রশীদ প্রথম আলোকে বলেন, দুপুর ২ টার পরে তল্লাশি শেষ করা হয়। এরপর সড়কের যান চলাচলে যে ধীর গতি ছিল তা স্বাভাবিক হয়।
এর আগে আজ সকাল ১০টার দিকে সরেজমিন দেখা যায়, সাভারের বলিয়ারপুর থেকে আমিনবাজার বাসস্ট্যান্ড পর্যন্ত ঢাকাগামী লেনে পরিবহনগুলো যানজটে আটকে রয়েছে। অপর লেন দিয়ে বিপরীত দিকে যাওয়া পরিবহনগুলোও চলছে ধীরগতিতে। এ সময় বেশ কয়েকজন বিএনপির সমর্থককে স্লোগান দিতে দেখা যায়।
আমিনবাজার বাসস্ট্যান্ড–সংলগ্ন এলাকায় সাভার মডেল থানা ও আমিনবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা বাসের যাত্রী, সন্দেহভাজন পথচারীদের জিজ্ঞাসাবাদসহ তল্লাশি চালাচ্ছেন। ১০ থেকে ১৫ মিনিট পরপর ৬-৭টি করে বিভিন্ন ধরনের যানবাহন ছেড়ে দেওয়া হচ্ছে।
দীর্ঘক্ষণ যানজটে আটকে থাকার পর বাস থেকে নেমে গন্তব্যের উদ্দেশে রওনা দেন মো. শফিকুল ইসলাম। নিজেকে বিএনপির সমর্থক পরিচয় দিয়ে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমাদের কোনো সভা–সমাবেশ করতে দেয় না কেউ। আজকে যাচ্ছি, তা–ও পুলিশ আটকে দিল।’
আশুলিয়া থেকে রাজধানীতে ব্যক্তিগত কাজে আসছিলেন মো. হাসান মিয়া। যানজটের কারণে একই এলাকায় তিনিও বাস থেকে নেমে পায়ে হেঁটে রওনা দেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আন্দোলন করলে তাঁরা করুক। আমরা সাধারাণ মানুষ। আমাদের তো ভোগান্তিতে ফেলানোর কোনো দরকার ছিল না।’
বেলা সাড়ে ১১টার দিকে আমিনবাজার ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সামনে থেকে একটি প্রিজন ভ্যানে করে বেশ কয়েজনকে ঢাকার দিকে নিয়ে যেতে দেখেন এই প্রতিবেদক।
জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা প্রথম আলোকে বলেন, ‘এটি আমাদের নিয়মিত তল্লাশিরই অংশ। তবে সমাবেশকে ঘিরে রাজধানীতে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে না পারে, সে জন্য তল্লাশিতে জোর দেওয়া হচ্ছে।’
প্রিজন ভ্যানে কাদের নেওয়া হয়েছে, এমন প্রশ্নে পুলিশের এই কর্মকর্তা বলেন, তল্লাশিতে কাউকে আটক করা হয়নি। তাঁরা অন্য কোনো ঘটনায় আটক বা গ্রেপ্তার হয়ে থাকতে পারেন।
রাজধানীর একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবদুল মারুফ প্রথম আলোকে বলেন, ‘বেলা একটা থেকে পরীক্ষা। তল্লাশির কথা শুনে বাসা থেকে আগেই বের হয়েছি। পরীক্ষার প্রবেশপত্র দেখিয়ে দেড় ঘণ্টার যানজট ঠেলে আমিনবাজার পর্যন্ত আসতে পেরেছি।’
ঢাকার মিরপুরে একটি বায়িং হাউসে চাকরি করেন বইলাপুরের বাসিন্দা নাজমুল হাসান। তিনি প্রথম আলোকে বলেন, ‘সাড়ে নয়টায় অফিস ছিল। এক ঘণ্টার বেশি সময় পায়ে হেঁটে অফিসের দিকে যাচ্ছি। আমি তো ভাই কাজে যাচ্ছি, কোনো রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছি না। তাহলে আমাকে কেন এই ভোগান্তি পোহাতে হবে?’
কালিয়াকৈর বিএনপির নেতা রিপন দেওয়ান প্রথম আলোকে বলেন, ‘সমাবেশে যোগদান আমার রাজনৈতিক অধিকার। পুলিশ আমার সেই রাজনৈতিক অধিকারে হস্তক্ষেপ করছে। আমি পায়ে হেঁটেই সমাবেশে যোগ দিতে নয়াপল্টনে যাচ্ছি।’
সমাবেশে যোগ দিতে আসা নেতা-কর্মীদের মুঠোফোন তল্লাশি করা হচ্ছে, এ অভিযোগ করে বিএনপির এই নেতা আরও বলেন, ‘অনেককেই গাড়ি থেকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে।’