ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আল সাদী, সম্পাদক মাহি
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) ৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আল সাদী ভূঁইয়া সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মহিউদ্দিন মুজাহিদ মাহি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
আজ মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সমিতির কার্যালয়ে নির্বাচনী কার্যক্রম শেষে প্রধান নির্বাচন কমিশনার ও সমিতির সাবেক সভাপতি বোরহানুল হক সম্রাট নতুন কমিটি ঘোষণা করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনার মাহবুব রনি ও সাদ্দাম হোসাইন। মাহবুব রনি সমিতির সাবেক সভাপতি আর সাদ্দাম হোসাইন সাবেক সাধারণ সম্পাদক।
বিকল্প প্রার্থী না থাকায় বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদের ৯টি পদেই নেতৃত্ব নির্ধারিত হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এই কমিটির অন্যান্য পদে মনোনীত ব্যক্তিরা হলেন সহসভাপতি পদে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মো. রাসেল সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ প্রতিদিনের নাসিমুল হুদা, অর্থ সম্পাদক পদে রেডিও টুডের ইমদাদুল আজাদ ও দপ্তর সম্পাদক পদে ভোরের ডাকের জাফর আলী। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হয়েছেন সংবাদের খালেদ মাহমুদ, আজকের পত্রিকার ছিদ্দিক ফারুক ও নয়া দিগন্তের হাসান আলী।