রাজধানীতে দুই যুবকের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ী ও খিলগাঁওয়ে আজ শনিবার দুই যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। নিহত দুজন হলেন আবদুল হান্নান (৩৮) ও মো. নাছির (৩৫)। তাঁদের মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) কাউসার আহমেদ ও খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসাইন।
পুলিশ কর্মকর্তা কাউসার বলেন, ব্রাহ্মণবাড়িয়ার আবদুল হান্নান পেশায় একজন রাজমিস্ত্রির সহকারী। তাঁর স্ত্রী ও দুই সন্তান থাকে গ্রামের বাড়িতে। তিনি ঢাকায় রাজমিস্ত্রির সহকারী হিসেবে করতেন। তাঁর বড় ভাই মান্নান যাত্রাবাড়ীর কাজলার একটি বাড়িতে নিরাপত্তারক্ষীর দায়িত্ব পালন করেন। গতকাল শুক্রবার হান্নান ভাইয়ের কাছে আসেন। মান্নান ছোট ভাইকে নিরাপত্তাকর্মীদের থাকার ঘরটিতে রেখে পাশেই নিজের বাসায় যান। আজ শনিবার সকালে মান্নান এসে হান্নানকে বাসার গাড়ি রাখার স্থানে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
পুলিশ কর্মকর্তা কাউসার আরও বলেন, পারিবারিক কলহের জের ধরে হান্নান আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
অন্যদিকে নাছিরের মৃত্যুর বিষয়ে খিলগাঁও থানার এসআই কামাল হোসাইন প্রথম আলোকে বলেন, পরিবারের সঙ্গে প্রাথমিকভাবে কথা বলে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে আজ শনিবার বেলা দেড়টার দিকে ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন নাছির।
এসআই কামাল জানান, নাছির পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক। তাঁর স্ত্রী ও দুই মেয়ে রয়েছে।