সচিবালয়ের প্রবেশ মুখেও বাড়তি নজরদারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সচিবালয়ে প্রবেশে আজ বৃহস্পতিবার কিছুটা বাড়তি নজরদারি দেখা গেছে
ছবি: তানভীর আহাম্মেদ

প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে প্রবেশে আজ বৃহস্পতিবার কিছুটা বাড়তি নজরদারি দেখা গেছে। সচিবালয়ের দক্ষিণ পাশে মূল প্রবেশপথের ঠিক বাইরে দাঁড়িয়ে পুলিশ প্রবেশের সময় পরিচয়পত্র (কার্ড) আছে কি না, তা জানতে চাইছে।

সাধারণত মূল প্রবেশপথ দিয়ে ঢোকার পর ভেতরে যাচাই করার জন্য আলাদা জায়গায় পুলিশ পরিচয়পত্র দেখে। আজ প্রবেশের বাইরে এবং ভেতরে দুই জায়গায় পরিচয়পত্র আছে কি না, সেটি জানতে চাওয়া হচ্ছে।

বাইরে দাঁড়িয়ে থাকা একজন পুলিশ সদস্য জানালেন আজ একটু বাড়তি চেক করা হচ্ছে।

১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ সামনে রেখে রাজধানীমুখী প্রবেশমুখগুলোতে তল্লাশিচৌকি বসিয়েছে পুলিশ। দূরপাল্লার বাস ও মোটরসাইকেলে বেশি তল্লাশি চলছে। যাত্রী ও চালকদের সঙ্গে থাকা ব্যাগ ও বস্তা খুলে পরীক্ষা করা হচ্ছে।

এদিকে গতকাল বুধবার নয়াপল্টনে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে একজন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে জানা যায়, নিহত ব্যক্তির নাম মকবুল আহমেদ। তাঁকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।