জীববৈচিত্র্য রক্ষার আহ্বানে বেঙ্গল পিস ফাউন্ডেশনের পদযাত্রা ও প্রদর্শনী
আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষে আজ শুক্রবার বেঙ্গল পিস ফাউন্ডেশনের উদ্যোগে পদযাত্রা ও আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে জীববৈচিত্র্য রক্ষার আহ্বান জানানো হয়েছে।
‘বাংলাদেশের অদেখা জীববৈচিত্র্য’ শিরোনামে উন্মুক্ত আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সঞ্জীব চৌধুরী চত্বরে। আর ‘ওয়াক ফর বায়োডাইভারসিটি’ শিরোনামে পদযাত্রা কর্মসূচি পালন করা হয় রমনা পার্ক থেকে মিরপুরের বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত। এসব কর্মসূচি দিয়ে যাত্রা শুরু করল পরিবেশবাদী নতুন সংগঠন বেঙ্গল পিস ফাউন্ডেশনের। এসব কর্মসূচির সহ-আয়োজক ছিল ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)।
বেঙ্গল পিস ফাউন্ডেশনের সদস্যরা আজ সকাল সাড়ে সাতটায় রমনা পার্ক থেকে পদযাত্রা শুরু করেন। মিরপুরের বোটানিক্যাল গার্ডেন গিয়ে পদযাত্রা করেন তাঁরা। পরে বিকেল চারটায় টিএসসিতে চারজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারের ১০০টি ছবি নিয়ে উন্মুক্ত চিত্রপ্রদর্শনীর আয়োজন করা হয়।
এ আয়োজনে উপস্থিত ছিলেন লেখক ও পর্বতারোহী ইকরামুল হাসান। তিনি বলেন, ‘গাছ নিধন, পরিবেশের গুরুত্বপূর্ণ পশু–প্রাণী শিকারের মতো ঘটনাগুলো আমাদের ভয়ানক এক পৃথিবীর দিকে ঠেলে দিচ্ছে। বেঙ্গল পিস ফাউন্ডেশনের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। এই উদ্যোগ জীববৈচিত্র্য রক্ষায় মানুষকে দারুণভাবে উৎসাহিত করবে।’
বেঙ্গল পিস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাসফিকুল হাসান বলেন, ‘আমরা সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে চেয়েছি। কিছু অসহিষ্ণু মানুষের কারণে গোটা দেশের জীববৈচিত্র্য হুমকির মুখে। সেই দায়বদ্ধতা থেকে জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ–সচেতনতা বৃদ্ধি এবং প্রকৃতির প্রতি দায়িত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে এসব কর্মসূচির আয়োজন করেছি।’
এই আয়োজনে গণমাধ্যমের প্রতিনিধি, আলোকচিত্রী, পরিবেশকর্মী, সচেতন নাগরিকসহ অনেকে উপস্থিত ছিলেন।