শিক্ষার্থীদের দাবির মুখে সমাবর্তন ফি কমাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়
শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের ফি ১ হাজার ৫০০ টাকা কমিয়ে ৪ হাজার টাকা নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
একই সঙ্গে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের সনদ ফিসহ মোট ৪ হাজার ৫০০ টাকা সমাবর্তন ফি নির্ধারণ করা হয়েছে। তবে প্রফেশনাল ও সান্ধ্যকালীন কোর্সের সনদধারীদের ফি কমানো হয়নি।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন বলেন, ‘শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা ফি কমিয়েছি। উপাচার্যের সভাকক্ষে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে আজ মিটিংয়ে এ সিদ্ধান্ত গৃহীত হয়।’
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জানান, স্নাতক (সম্মান) পর্যায়ের ডিগ্রিধারীদের সমাবর্তন ফি ৪ হাজার টাকা এবং স্নাতকোত্তর ডিগ্রিধারীদের সব মিলিয়ে ৪ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে প্রফেশনাল ও সান্ধ্যকালীন সনদধারীদের ফি অপরিবর্তিত রয়েছে।
দ্বিতীয় সমাবর্তনের ফি নির্ধারণ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। ফি কমানোর দাবিতে সরব হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সংগঠনগুলো ও কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। জকসুর নেতারা অভিযোগ করেন, সমাবর্তনের ফি নির্ধারণের আলোচনায় নির্বাচিত শিক্ষার্থী প্রতিনিধিদের রাখা হয়নি। পরে শিক্ষার্থী প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করলে ফি কমানোর আশ্বাস দেওয়া হয়।
আগামী ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে প্রথম সমাবর্তনে স্নাতক (সম্মান) পর্যায়ের জন্য ৫ হাজার টাকা এবং সনদ ফি ৫০০ টাকা, আর স্নাতকোত্তর পর্যায়ে ৬ হাজার টাকা ও সনদ বাবদ ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল।