যাত্রাবাড়ীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছাত্রী নিহত
রাজধানীর যাত্রাবাড়ীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নবম শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেট মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছাত্রীর নাম হাবিবা ইসলাম মিথিলা (১৭)। সে সাইনবোর্ড এলাকার তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ছাত্রী ছিল।
পুলিশ বলছে, হাবিবা যাত্রাবাড়ীতে পরিবারসহ থাকত। তার বাবা মালয়েশিয়াপ্রবাসী। গ্রামের বাড়ি চাঁদপুর।
মোটরসাইকেলের চালক শরিফুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকায় তাঁর একটি কাজ ছিল। পরে কাজ শেষে ফেরার পথে মাদ্রাসা থেকে হাবিবাকে নিয়ে মোটরসাইকেলে যাত্রাবাড়ীতে তার বাসায় নামিয়ে দিতে যাচ্ছিলেন। যাত্রাবাড়ীতে পৌঁছালে নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা গুলিস্তানগামী শীতল পরিবহনের একটি বাস পেছন থেকে তাঁদের ধাক্কা দিয়ে হাবিবাকে চাপা দেয়। শরিফুল ইসলাম হাবিবার পরিবারের পরিচিত বলে জানিয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা শেষে হাবিবাকে মৃত ঘোষণা করেন। যাত্রাবাড়ী থানার পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আরিফুর রহমান প্রথম আলোকে বলেন, বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক পলাতক। ছাত্রীর পরিবারে দুর্ঘটনার খবর জানানো হয়েছে।