উত্তরখানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলছাত্রের মৃত্যু

সড়ক দুর্ঘটনাপ্রতীকী ছবি

রাজধানীর উত্তরখানের গোবিন্দপুরে আজ শুক্রবার সকালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মুস্তাকিম ইসলাম ওরফে মুগ্ধ (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। সে উত্তরার মাস্টারমাইন্ড স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ত।

উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুল আলম প্রথম আলোকে বলেন, আজ সকাল সাতটার দিকে মুস্তাকিমের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরখানের গোবিন্দপুর সড়কের পাশে একটি দোকানের শাটারের সঙ্গে আঘাতপ্রাপ্ত হয়। এ সময় সে ছিটকে পড়ে আহত হয়। স্বজনেরা তাকে উদ্ধার করে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই আশরাফুল আলম বলেন, পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মুস্তাকিমের মৃতদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মৃত্যুর খবর পেয়ে মুস্তাকিমের বাবা ফিরোজ আল মামুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। তিনি প্রথম আলোকে বলেন, আজ সকালে তাঁর ছেলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল। পরে খবর পান সে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছে। উত্তরার বেসরকারি কুয়েত মৈত্রী হাসপাতাল ঘুরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুস্তাকিম মা-বাবার সঙ্গে দক্ষিণখানের চালাবন এলাকায় থাকত। তার বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দাতপাড়া গ্রামে।