শেওড়াপাড়ায় ফুটপাতে অবৈধ স্থাপনা সরাতে পুলিশের অভিযান
রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া এলাকায় ফুটপাতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা সরাতে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আজ বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। সরেজমিন দেখা যায়, শেওড়াপাড়ার যে এলাকায় অভিযান চালানো হয়েছে, সেখানে স্থায়ী দোকানপাটের সামনের বর্ধিত অংশই বেশি।
অভিযানের খবর পেয়ে অনেক ভ্রাম্যমাণ বিক্রেতা আগেভাগেই নিজেদের দোকানপাট গুটিয়ে সটকে পড়েন। কেউ কেউ দোকানের মালামাল ত্রিপল দিয়ে ঢেকে রাখেন।
অভিযান তদারক করেন ডিএমপির মিরপুর ট্রাফিক জোনের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ ছানোয়ার হোসেন। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে রাস্তার পাশের যে দোকানগুলোর বর্ধিত অংশ ফুটপাত পর্যন্ত এসেছে, তাদের সতর্ক করে দেওয়া হয়।
উচ্ছেদ অভিযান চলাকালে ডিসি ছানোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, ফুটপাত দখল হয়ে থাকায় পথচারীরা মূল রাস্তা দিয়ে চলাচল করতে বাধ্য হন। এতে একদিকে যেমন ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, অন্যদিকে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এই সমস্যা সমাধানে ডিএমপি কমিশনার একটি গণবিজ্ঞপ্তি জারি করেছিলেন। আট দিন আগে জারি করা গণবিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছিল, ফুটপাতসংলগ্ন কোনো ব্যবসা বা সেবাপ্রতিষ্ঠান ফুটপাতে ব্যবসা সম্প্রসারণ করতে পারবে না। গতকালও পুলিশ সদস্যরা প্রতিটি প্রতিষ্ঠানের সামনে গিয়ে সতর্কবার্তা দিয়ে এসেছেন।
অভিযান চলাকালে সাংবাদিকেরা প্রশ্ন তোলেন, অতীতেও এমন অভিযান হয়েছে, কিন্তু কিছুক্ষণ পরই আবার আগের অবস্থা ফিরে আসে। জবাবে ডিসি ছানোয়ার হোসেন বলেন, আজকের অভিযানটি মূলত স্থায়ী দোকানগুলোর ফুটপাত দখলের বিরুদ্ধে। তাঁরা ১০ মিনিট সময় দিয়েছেন এগুলো সরানোর জন্য। সরানো না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযানের পর এলাকাটি নিয়মিত মনিটর করা হবে।
আরেক প্রশ্নের জবাবে ডিসি ছানোয়ার হোসেন বলেন, অধিকাংশ প্রতিষ্ঠানই নিজেদের বর্ধিত অংশ সরিয়ে নিয়েছে। যারা এখনো সরায়নি, তাদের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছেন।