উত্তরায় রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় প্রাণ গেল দুই নারীর

রাজধানীর উত্তরায় রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় নিহত হয়েছেন দুই নারী। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মনি বেগম নামের এক নারী তাঁর কলেজপড়ুয়া মেয়েকে চিকিৎসক দেখিয়ে উত্তরার জসীমউদ্‌দীন রোড দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। তাঁর সঙ্গে আরও কয়েকজন রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বাসের ধাক্কায় মনি বেগম (৩৭) ও মিনারা বেগম (৫৫) নামের আরেক নারী নিহত হন। তবে মনি বেগমের মেয়ে অক্ষত আছেন।

বিমানবন্দর থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) এনায়েত কবির ওরফে মামুন প্রথম আলোকে বলেন, বাসের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান মিনারা বেগম এবং আহত হন মনি বেগম। দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মনি বেগমকে মৃত ঘোষণা করেন।

মনি বেগমের স্বামী বাদশা মিয়া পেশায় মুদিদোকানি। তিনি আজ দুপুরে হাসপাতালে প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলে আগে পদচারী–সেতু ছিল। সেটি এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তাই পথচারীদের এখন ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হয়।
মনি বেগম সপরিবার দক্ষিণখানের দক্ষিণগাঁওয়াইরে থাকতেন। তাঁর গ্রামের বাড়ি বরগুনা সদরের মেয়েশেরপুরে।

বিমানবন্দর থানার পুলিশ জানায়, চালক শাহীনসহ বাসটি জব্দ করা হয়েছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।