ঢাকা বিশ্ববিদ্যালয়: ছাত্রলীগের পিটুনি দেওয়া দুই ব্যক্তিকে নির্দোষ বলল পুলিশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় ককটেল বিস্ফোরণের অভিযোগে আটক তিনজনের মধ্যে দুজনকে ছেড়ে দিয়েছে পুলিশ। আরেকজনকে পুরোনো একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ বলছে, ককটেল বিস্ফোরণের ঘটনায় তিনজনের কারোরই কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

গতকাল বুধবার রাত ১০টার পরপর ককটেল বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে টিএসসি এলাকা। শুরু হয় ছোটাছুটি। এ ঘটনায় জড়িত সন্দেহে তিন ব্যক্তিকে ধরে পিটুনি দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এরপর তাদের শাহবাগ থানাপুলিশের কাছে সোপর্দ করা হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ আজ দুপুরে প্রথম আলোকে বলেন, ‘ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক হওয়া তিনজনের কারও কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। আমরা বিষয়টি নিশ্চিত হয়েছি। তাই গ্রেপ্তার দুজনকে রাতেই (গতকাল) ছেড়ে দেওয়া হয়।’

পুলিশের এই কর্মকর্তা বলেন, অন্যজন ভবঘুরে। তাঁর বিরুদ্ধে আগে থেকেই নানা অভিযোগ ছিল। পুরোনো একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।