মেট্রোরেলের পিলারে বাসের ধাক্কা, ‘কিশোর’ চালক পলাতক
রাজধানীতে মেট্রোরেলের পিলারে ধাক্কা দিল একটি বাস। সেফটি পরিবহনের বাসটি আজ মঙ্গলবার বেলা পৌনে একটার দিকে আগারগাঁওয়ে ৩৫৯ নম্বর পিলারে ধাক্কা দেয়। এতে বাসের কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুকুল আলম প্রথম আলোকে বলেন, ‘আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ওই পিলারে বাসটি ধাক্কা দেওয়ার পর চালক পালিয়েছে। আমরা বাসটি আটক করেছি। এ ঘটনায় চার থেকে পাঁচজন আহত হয়েছেন। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন।’
এক প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের জানিয়েছেন যে বাসের চালক ছিল কিশোর, কম বয়সী। ফাঁকা রাস্তা পেয়ে বাসটি বেপরোয়াভাবে চালাচ্ছিল সে। দ্রুতগতিতে চলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ ঘটনায় বাসের কয়েকজন যাত্রী আহত হয়েছেন। যাত্রীদের মধ্যে মা ও এক শিশু বেশি আহত হয়েছেন। পরে পুলিশ এসে বাসটি নিয়ে গেছে।