জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাদের পলেস্তারা পড়ে দুই শিক্ষার্থী আহত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছেন। আজ বুধবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনে এ ঘটনা ঘটে।
আহত দুই শিক্ষার্থী হলেন গণিত বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মাহফুজুর রহমান ও তানভীর নিয়াজ ফাহিম। তাৎক্ষণিক বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
গণিত বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানজিল আল সিয়াম বলেন, সেমিনার রুমে ক্লাস চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ে। এতে দুজন আহত হন। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসের পুরোনো কয়েকটি ভবন দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সংস্কারকাজের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর আগে একাধিকবার ওই সব ভবনে শিক্ষা কার্যক্রম স্থগিত করলেও মানসম্মত সংস্কার হয়নি।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ঘটনার পরপরই উপাচার্য রইস উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এদিকে এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেছেন গণিত বিভাগের শিক্ষার্থীরা। তাঁরা উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন। স্মারকলিপিতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে অবিলম্বে ভবন মেরামতের দাবি জানানো হয়।