চাহিদার চেয়ে বেশি পানি উৎপাদন করতে পারে ঢাকা ওয়াসা: স্থানীয় সরকারমন্ত্রী
গত এক দশকে ‘ঘুরে দাঁড়াও ঢাকা ওয়াসা’ কর্মসূচির আওতায় ঢাকা ওয়াসা চাহিদার তুলনায় উদ্বৃত্ত পানি উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে বলে দাবি করেছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।
আজ সোমবার জাতীয় সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেনের প্রশ্নের জবাবে তাজুল ইসলাম এ কথা বলেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়।
তাজুল ইসলাম বলেন, ঢাকা শহরে দৈনিক পানির চাহিদা ২৬০ থেকে ২৬৫ কোটি লিটার। আর উৎপাদন ক্ষমতা ২৭০ থেকে ২৭৫ কোটি লিটার। যদিও গ্রীষ্ম ও শীত মৌসুমে পানির চাহিদার তারতম্য হয়ে থাকে। তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের দৈনিক পানির চাহিদা প্রায় ১৩৫ কোটি লিটার। আর দক্ষিণ সিটি করপোরেশনের দৈনিক চাহিদা ১২৫ কোটি লিটার। পানি বিশুদ্ধকরণের কাজটি অত্যাধুনিক কেমিক্যাল পিএসি এলাম সালফেট ও ক্লোরিনেশনের মাধ্যমে পরিশোধন করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইসিআর-৯৭ অনুসরণ করে পানির গুণগত মান নিশ্চিত হওয়ার পর নেটওয়ার্কে সরবরাহ করা হয়। ঢাকা ওয়াসা মহানগরীর ১৫০-১৬০টি স্থান থেকে নমুনা পানি সংগ্রহ করে তা নিয়মিত পরীক্ষা করে থাকে।
সরকারদলীয় সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তারের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, বরিশাল মহানগরীতে দৈনিক পানির চাহিদা ৫ কোটি ৪০ লাখ লিটার। দৈনিক পানি সরবরাহ হয় ২ কোটি ৮৫ লাখ লিটার। ঘাটতি রয়েছে ২ কোটি ৫৫ লাখ লিটার। বর্তমানে বরিশাল মহানগরীতে ৩৮টি গভীর নলকূপের মাধ্যমে পানি সরবরাহ করা হচ্ছে।
সরকারি দলের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, পৌরসভাগুলোতে পানি সরবরাহ কভারেজ প্রায় ৯৯ দশমিক ৬ শতাংশ। যার মধ্যে পয়েন্ট ওয়াটার সাপ্লাই (উৎসের মাধ্যমে) ও পাইপড ওয়াটার সাপ্লাইয়ের (পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা পানি) মাধ্যমে যথাক্রমে ৬১ দশমিক ৬ শতাংশ ও ৩৮ শতাংশ জনগণ পানি সরবরাহ সুবিধা পাচ্ছেন। পর্যায়ক্রমে সব পৌরসভায় পাইপলাইনের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহব্যবস্থা চালু করার কার্যক্রম অব্যাহত রয়েছে।
মন্ত্রী বলেন, বর্তমানে প্রায় ১৫৯টি পৌরসভায় পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহব্যবস্থা চালু আছে। স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ৯৬টি পৌরসভায় বিভিন্ন প্রকল্পের আওতায় পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ কার্যক্রম বাস্তবায়নাধীন রয়েছে।
সরকারি দলের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন সাভারের হেমায়েতপুর ও ভাটুরিয়া এবং দক্ষিণ সিটি করপোরেশন কাঁচপুর ও কেরানীগঞ্জের বাঘৈরে চারটি বাস টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। বাস টার্মিনাল নির্মাণে জমি অধিগ্রহণের কার্যক্রম চলছে।
সরকারি দলের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খানের প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ময়মনসিংহ জেলায় একটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে।