দৈনিক দিনকালের ‘ডিক্লারেশন’ বাতিলের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ মফস্সল সাংবাদিকদের অ্যাসোসিয়েশন (বিআরজেএ)। সমাবেশে সাংবাদিক নেতারা অভিযোগ করেন, সরকার আইন ও আদালতকে গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবহার করছে। ক্ষমতার জোরে সরকার দেশে এমন কিছু আইন তৈরি করেছে, যেসব আইন মানুষের অধিকার ক্ষুণ্ন করছে। সরকার ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করে দেশের গণমাধ্যমগুলোর কণ্ঠরোধ করে ফেলেছে।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী বলেন, কোনো ঠুনকো অভিযোগে দৈনিক দিনকাল বন্ধ করে পার পাওয়া যাবে না। গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে দৈনিক দিনকাল খুলে দিতে হবে।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম আবদুল্লাহ বলেন, আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখেই দিনকাল বন্ধ করা হয়েছে। সরকারের গণমাধ্যম ধ্বংসের পরিকল্পনার নীলনকশার অংশ হিসেবেই পত্রিকাটি বন্ধ করে দেওয়া হয়েছে।
দিনকালের ব্যবস্থাপনা সম্পাদক শামসুর রহমান বলেন, দিনকাল পত্রিকা বন্ধই হবে সরকারের পতনের মূল কারণ। ইতিমধ্যে আন্তর্জাতিক চাপে সরকারের মাথা নত হয়েছে।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরী বলেন, দেশের গণমাধ্যম এক ভয়ংকর সময় পার করছে। সাংবাদিক হত্যা, সাংবাদিকদের জেলে পাঠিয়ে, কথায় কথায় গণমাধ্যম বন্ধ করে দিয়ে এক ভয়ের সংস্কৃতি তৈরি করা হয়েছে দেশে।
বিআরজেএর সভাপতি সাখাওয়াৎ হোসেন ইবনে মইন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন কবি আবদুল হাই শিকদার, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল আমিন রোকন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, এম এ আজিজ, আবদুল হাই শিকদার, জাহাঙ্গীর আলম প্রধান, রাশেদুল হক, আমিরুল ইসলাম, শাহজাহান সাজু, দিদারুল আলম প্রমুখ।