উত্তরায় বিশ্বকাপের ম্যাচ দেখে বাসায় ফেরার পথে বাসের ধাক্কায় দুই সাংবাদিক নিহত
রাজধানীর উত্তরায় দূরপাল্লার একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই সাংবাদিক নিহত হয়েছেন। তাঁরা বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখে বাসায় ফিরছিলেন বলে জানিয়েছে পুলিশ।
গতকাল বুধবার গভীর রাতে রাজলক্ষ্মী কমপ্লেক্সের সামনের বিআরটি লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার মোহাম্মদ রবিউল আলম রাজু ও সংবাদ দিগন্ত পত্রিকার স্টাফ রিপোর্টার শাকিবুল হাসান।
পুলিশ বলছে, গতকাল দিবাগত রাতে বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে আর্জেন্টিনা–ইংল্যান্ডের ম্যাচ ছিল। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়ভাবে পুলিশ জানতে পেরেছে, এই দুই সাংবাদিক বড় পর্দায় ম্যাচটি দেখে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। তাঁরা বিআরটি লেন দিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে দূরপাল্লার একটি বাস মোটরসাইকেলটিকে জোরে ধাক্কা দেয়। এ ঘটনায় দুজনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর আহত দুজনকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পুলিশ জানায়, হাসপাতালে পরীক্ষা–নিরীক্ষা শেষে তাঁদের মৃত ঘোষণা করেন চিকিৎসক। তাঁদের বাসা টঙ্গী বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার তারেক আহমেদ বেগ প্রথম আলোকে বলেন, বাসটি শনাক্ত করার চেষ্টা চলছে। ঘটনাস্থলসহ আশপাশে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় দুর্ঘটনার সুনির্দিষ্ট ফুটেজ তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। বিআরটি লেনের অন্য কোনো স্থানে সিসিটিভি ক্যামেরা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
জানতে চাইলে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর প্রথম আলোকে বলেন, পুলিশের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই দুজনের মরদেহ নিয়ে গেছেন স্বজনেরা।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।