নির্বাচন সামনে রেখে দুর্গাপূজায় কোনো গোষ্ঠী আঘাত করতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে সরকার ও নাগরিক সমাজের করণীয়’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে বক্তারা
ছবি: প্রথম আলো

দেশে যেসব সাম্প্রদায়িক হামলা হচ্ছে, তাতে রাজনৈতিক দল ও সামাজিক গোষ্ঠীর ইন্ধন রয়েছে। সংখ্যালঘুবান্ধব হিসেবে পরিচিত সরকারের আমলেই সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতন হয়েছে। আগামী নির্বাচনকে কেন্দ্র করে আসন্ন দুর্গাপূজায় কোনো গোষ্ঠী আঘাত করতে তৎপরতা চালাতে পারে। এ জন্য সরকারের পাশাপাশি স্থানীয় ও কেন্দ্রীয়ভাবে সামাজিক-রাজনৈতিক শক্তিকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে ও সতর্ক থাকতে হবে।

‘আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে সরকার ও নাগরিক সমাজের করণীয়’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দেশের বিশিষ্ট নাগরিকেরা। আজ রোববার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এ সম্মেলনের আয়োজন করে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি)।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক মো. নূর খান বলেন, দেশে একের পর এক সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটছে। এসব ঘটনায় রাজনৈতিক দলগুলোর যেমন ইন্ধন থাকে, সামাজিক গোষ্ঠীরও ইন্ধন থাকে। যারা আমাদের মুক্তিযুদ্ধের মৌলিক জায়গায় আঘাত করতে চায়।

সাম্প্রদায়িক হামলার বিচার হয় না এবং এ বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে নূর খান বলেন, ‘দুর্গাপূজাকে কেন্দ্র করে নানা ধরনের শক্তির সমারোহ ঘটে, আঘাত আসে। বিশেষ করে আগামী নির্বাচনকে কেন্দ্র করে এ ধরনের গোষ্ঠী নানা ধরনের তৎপরতার দিকে ঝুঁকবে। সেদিকে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।’
দুর্গাপূজার আয়োজনকে সীমিত না করে জনগণের সঙ্গে রাজনৈতিক শক্তিগুলোকে সমন্বয় করে সরকারকে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান নূর খান।

অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্টের (এএলআরডি) নির্বাহী পরিচালক শামসুল হুদা বলেন, সংখ্যালঘুবান্ধব সরকার হিসেবে পরিচিত সরকারের আমলেই গত ৫০ বছরে সবচেয়ে বেশি সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতন হয়েছে। এটি অত্যন্ত উদ্বেগের ও লজ্জার।

পাকিস্তান আমল থেকে ৭৪ বছরে ধরে যত উন্নয়ন প্রকল্প হয়েছে, তার ৭০ থেকে ৮০ শতাংশ ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জায়গা বেদখল করে হয়েছে বলেও উল্লেখ করেন শামসুল হুদা। তিনি বলেন, অথচ গণতন্ত্র, রাষ্ট্র ও সংবিধানের নিরাপত্তার জন্য সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি।

দুর্গাপূজাকে কেন্দ্র করে হামলার সঙ্গে সাধারণ মানুষ যুক্ত হয়নি বলে দাবি করেন স্টেপস টুওয়ার্ডস ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার। তিনি বলেন, ‘হামলায় রাজনৈতিক চরিত্র দেখতে পাই। কারণ, গত বছর দুর্গাপূজায় হামলা বিশ্লেষণ করে দেখেছি, এরা কোনো সামাজিক শক্তি নয়, এর পেছনে রাজনৈতিক চরিত্র আছে। সেটি হচ্ছে অসাম্প্রদায়িক দেশকে সাম্প্রদায়িক দেশ করার পরিকল্পনা।’

সাম্প্রদায়িক হামলার পর রাজনৈতিক ও সামাজিক শক্তিগুলো নিষ্ক্রিয় ও নীরব থাকে বলেও উল্লেখ করে রঞ্জন কর্মকার বলেন, ‘আনুষ্ঠানিকভাবে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে হিন্দু সম্প্রদায় দুর্গাপূজা মহালয়ের মধ্য দিয়ে শুরু হবে। এ আনুষ্ঠানিকতা চলবে ১০ অক্টোবর পর্যন্ত। এ সময়ে আমরা চাই, অসাম্প্রদায়িক রাজনৈতিক ও সামাজিক শক্তি এ ধরনের ঘটনার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে স্থানীয় ও কেন্দ্রীয়ভাবে দাঁড়াবে।’

নাগরিক উদ্যোগের নির্বাহী প্রধান জাকির হোসেন বলেন, ১৯৭১ সালের যুদ্ধের সময় সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছিল সংখ্যালঘুরা। এ দেশ গঠনে যাঁদের এত ভূমিকা ও রক্ত আছে, তাঁরা স্বাধীন দেশ গঠনের পর ভেবেছিলেন, তাঁরা একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র পেলেন। কিন্তু পরবর্তীকালে তা পাননি।

ব্লাস্টের আইন উপদেষ্টা আইনজীবী রেজাউল করিম বলেন, যাঁরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দায়িত্বে আছেন, তাঁরা তাঁদের দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন এইচআরএফবির সমন্বয়ক তামান্না হক। তিনি বলেন, সাম্প্রদায়িক হামলা প্রতিহত করতে সব অংশীজনের সমন্বয়ে জাতীয় পর্যায়ে একটি প্ল্যাটফর্ম গঠন করতে হবে, যার মাধ্যমে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি করণীয় নির্ধারণ করা হবে। এ সময় তিনি সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধে ১৭টি সুপারিশ তুলে ধরেন।

বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং অনুষ্ঠান সঞ্চালনা করেন। তিনি বলেন, যেকোনো নাগরিকের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। অনেক সময় রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো ব্যর্থ হয়। এ জন্য নাগরিক সমাজ ও ধর্মীয় বৃহত্তর জনগোষ্ঠীর অনেক বেশি দায়িত্ব পালন করা উচিত।