যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ীর জনপদ এলাকায় সড়ক দুর্ঘটনায় জাকির হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। তবে কীভাবে দুর্ঘটনা ঘটেছে, তা জানা যায়নি। গাড়িটিও চিহ্নিত করতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন জাকির হোসেনকে উদ্ধার করে সিএনজিচালিত একটি অটোরিকশায় করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

অটোরিকশার চালক মো. সেলিম বলেন, তিনি জাকির হোসেনকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা–নিরীক্ষার পর আজ রোববার ভোর পাঁচটায় মৃত ঘোষণা করেন। তবে কোন গাড়ির সঙ্গে বা কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে তিনি কিছুই জানতে পারেননি।

দুর্ঘটনার সংবাদ শুনে হাসপাতালে ছুটে আসেন জাকির হোসেনের বোন বেলী আক্তার। তিনি বলেন, ‘আমাকে একজন ব্যক্তি ফোন করে জানিয়েছেন, আপনার ভাই অ্যাক্সিডেন্ট করেছে। পরে আমি হাসপাতালে এসে তার মৃতদেহ দেখতে পাই।’

পারিবারিক সূত্র জানায়, জাকির নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার দক্ষিণ কদমতলীর মৃত আবদুল আজিজের ছেলে। এক ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন বড়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানানো হয়েছে।