রাজধানীতে ছয়তলা ভবন থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু
রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বাসার ছয়তলার বারান্দা থেকে পড়ে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার পর এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই গৃহকর্মীর নাম নাসিমা আক্তার (১৯)। তাঁর গ্রামের বাড়ি ভোলায়।
প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ ইসলাম।
ওসি পারভেজ ইসলাম আজ শনিবার প্রথম আলোকে বলেন, শুক্রবার দিবাগত রাত ১২টার পর ধানমন্ডির ১ নম্বর সড়কের একটি বাসার ছয়তলার বারান্দা থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হন নাসিমা। উদ্ধার করে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত সাড়ে তিনটার দিকে তিনি মারা যান।
নাসিমা তিন মাস আগে ওই বাসায় কাজে যোগ দিয়েছিলেন উল্লেখ করে পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, গভীর রাতে ছয়তলার বারান্দা থেকে তিনি কীভাবে পড়ে গেলেন, নাকি তাঁকে ফেলে দেওয়া হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
ওসি পারভেজ ইসলাম আরও জানান, নাসিমার মৃত্যুর খবর শোনার পর ধানমন্ডি থানায় এসেছেন তাঁর পরিবারের সদস্যরা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।
ময়নাতদন্তের জন্য নাসিমার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।