গুলশান সোসাইটির আয়োজনে ‘নাইট বাজার’ উদ্বোধন, চলবে শনিবার ভোর পর্যন্ত

গুলশানের শহীদ ডা. ফজলে রাব্বি পার্কে বৃহস্পতিবার রাত ১১টার দিকে অতিথিরা ‘নাইট বাজারের’ উদ্বোধন করেনছবি: প্রথম আলো

রাজধানীর গুলশানের বাসিন্দাদের সংগঠন গুলশান সোসাইটির আয়োজনে শুরু হয়েছে ‘নাইট বাজার ২০২৬’। বৃহস্পতিবার রাতে শুরু হওয়া এ বাজার চলবে আগামী শনিবার গভীর রাত পর্যন্ত। এ বাজারে প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে রাত তিনটা পর্যন্ত চলবে কেনাকাটা।

গুলশানের শহীদ ডা. ফজলে রাব্বি পার্কে বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান, গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাতসহ অন্য অতিথিরা ফিতা কেটে অস্থায়ী এ বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় গুলশান সোসাইটির শীর্ষ নেতা ও বাজারে অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৫৪টি প্রতিষ্ঠানের স্টল ও দোকান নিয়ে শুরু হওয়া এ বাজারে স্থানীয় ব্র্যান্ড, খাবারের স্টল, লাইফস্টাইলসহ বিভিন্ন ধরনের পণ্য রয়েছে। পাশাপাশি গুলশান সোসাইটির কার্যক্রম তুলে ধরা এবং স্থানীয় উদ্যোক্তাদের উৎসাহিত করার আয়োজনও থাকছে এখানে।

উদ্বোধনী অনুষ্ঠানে শফিকুল ইসলাম খান বলেন, এসব উদ্যোগ সব সোসাইটিতে থাকলে ভালো হতো। সোসাইটিগুলোর মধ্যে ভালো সম্পর্ক গড়ে উঠত। গুলশান সোসাইটির মতো অন্য সোসাইটিগুলোকেও এ ধরনের আয়োজন করার আহ্বান জানিয়ে প্রশাসক বলেন, এ ধরনের আয়োজনে সিটি করপোরেশনের সমর্থন থাকবে।

এবারের নাইট বাজারের টাইটেল স্পনসর হিসেবে রয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তাঁরা এ আয়োজনের সহযোগী হয়েছেন।

সোসাইটির নানা সমস্যার সমাধানের চেষ্টার পাশাপাশি সবাইকে একসঙ্গে নিয়ে আসার প্রয়াস থেকে এমন আয়োজন করা হয়েছে বলে জানান গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমরা এ ধরনের আয়োজনের মাধ্যমে বাসিন্দাদের মধ্যে দূরত্ব কমিয়ে আনার চেষ্টা করছি।’