পুলিশি হেফাজতে ঢামেকে চিকিৎসাধীন একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার গুলশান লিংক রোডে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা লেগে আহত কামাল হোসেন (৪৫) নামের এক ব্যক্তি পুলিশি হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) শেখ জহিরুল ইসলাম বলেন, ১৫ নভেম্বর ভোরবেলা কামাল হোসেন প্রাইভেট কার চালিয়ে গুলশান লিংক রোডের নিপ্পন বটতলায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে বুকে আঘাত পান। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনাকবলিত গাড়ি থেকে ১ হাজার ৪৯২ ক্যান বিয়ার এবং বিয়ারের খালি ৪১৮টি ক্যান জব্দ করা হয়।

শেখ জহিরুল ইসলাম জানান, পরে কামাল হোসেনের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ জানায়, কামাল হোসেনের নামে গুলশান ও যাত্রাবাড়ী থানায় মাদক মামলা রয়েছে। তাঁর বাড়ি জামালপুর সদর উপজেলার চর গজারিয়ার এলাকা। তাঁর বাবার নাম শরাফত আলী। তিনি পরিবার নিয়ে যাত্রাবাড়ী এলাকায় থাকতেন।

কামাল হোসেনের ছেলে রাকিব হাসান বলেন, পুলিশের মাধ্যমে সড়ক দুর্ঘটনায় তাঁর বাবা আহত হওয়ার খবর পান। তাঁর বাবা পেশায় গাড়িচালক ছিলেন।