উত্তরায় বাসচাপায় নারীর মৃত্যু

সড়ক দুর্ঘটনাপ্রতীকী ছবি

রাজধানীর উত্তরায় বাসচাপায় এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম গেনেদা বেগম (৫৫)। পেশায় তিনি গৃহকর্মী।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উত্তরার জমজম টাওয়ারের সামনের সড়ক পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গেনেদা বেগম সড়ক পার হওয়ার সময় একটি বাসের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় রাইদা বাসের চালক কবির হোসেনকে আটক করেছে পুলিশ। বাসটিও জব্দ করা হয়েছে।

উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মনির হাসান প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, গেনেদা বেগমের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলায়। তাঁর স্বামীর নাম আবদুল গনি। তিনি উত্তরার ১৩ নম্বর সেক্টরে থাকতেন।