চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে

বিকেল পাঁচটার দিকে মনজুর খান প্লাজার ষষ্ঠ তলার একটি দোকানে আগুন লাগে। ১২ অক্টোবরছবি: ফায়ার সার্ভিসের সৌজন্যে

পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজা মার্কেটের একটি দোকানে লাগা আগুন চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। সরু গলি, প্রচণ্ড ধোঁয়া ও পানির স্বল্পতার কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আজ সোমবার রাত ১০টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে দায়িত্ব পালনকারী কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, সাততলা ভবনের ষষ্ঠ তলায় আগুন লেগেছে। সেখানে বিভিন্ন পণ্যের গুদাম রয়েছে। প্রতিটি গুদামই তালাবদ্ধ। তাই তালা ভেঙে ভেতরে গিয়ে আগুন নেভাতে সময় লাগছে।

এর আগে রাত ৯টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বে থাকা কর্মকর্তা শাহজাহান হোসেন ইউনিটের সংখ্যা বাড়িয়ে ১০টি করার তথ্য জানান। তিনি বলেন, সরু গলির কারণে ফায়ার সার্ভিসের বড় গাড়িগুলো ঘটনাস্থলে ঢুকতে পারছে না। প্রচণ্ড ধোঁয়া ও পানির স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যা হচ্ছে। প্রয়োজনে ইউনিটের সংখ্যা আরও বাড়ানো হতে পারে।

সরু গলির কারণে ফায়ার সার্ভিসের বড় গাড়িগুলো ঘটনাস্থলে ঢুকতে পারছে না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ১২ অক্টোবর
ছবি: ফায়ার সার্ভিসের সৌজন্যে

বিকেল পাঁচটার দিকে মনজুর খান প্লাজার ষষ্ঠ তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে বিকেল ৫টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ইউনিটগুলো আগুন নেভানোর কাজ শুরু করে।

প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পর্যায়ক্রমে ইউনিটের সংখ্যা বাড়িয়ে নয়টি করা হয়।

আগুন লাগার কারণ, কেউ হতাহত হয়েছে কি না এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

গত বছরের ডিসেম্বরে পুরান ঢাকার চকবাজারের রহমতগঞ্জ এলাকার ডালপট্টিতে একটি তিনতলা আবাসিক ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।