শাহজালাল বিমানবন্দরে প্রায় ৭ কেজি স্বর্ণসহ চারজন গ্রেপ্তার

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
ছবি: সংগৃহীত

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় সাত কেজি স্বর্ণসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যায় এয়ারপোর্টে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়ন এই তথ্য জানায়।

আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক প্রথম আলোকে জানান, গ্রেপ্তার চারজন হলেন আলী হোসেন, জসীম উদ্দিন, লিটু মিয়া ও মোহাম্মদ জুম্মন খান।

জিয়াউল হক বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার বিমানবন্দর থেকে স্বর্ণ চোরাচালান চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ৬ কেজি ৯৫৬ গ্রাম স্বর্ণ্ব উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক প্রথম আলোকে বলেন, পৃথক দুটি এয়ারলাইনসে এই চার যাত্রী বিমানবন্দরে নামেন। তাঁদের কাছ থেকে কিছু স্বর্ণ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁরা পায়ুপথে স্বর্ণ থাকার বিষয়টি স্বীকার করেন। পরে চিকিৎসাকেন্দ্রে নিয়ে তাঁদের পায়ুপথ থেকে আরও স্বর্ণ উদ্ধার করা হয়।

এপিবিএন জানায়, আলীর কাছ থেকে ১ কেজি ৯৪ গ্রাম, জসীমের থেকে ২ কেজি ১৬৪ গ্রাম, জুম্মনের থেকে ১ কেজি ৫৩৪ গ্রাম ও লিটু মিয়ার থেকে ২ কেজি ১৬৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করে তারা।