দুই বছর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাড়ম্বরে সরস্বতী পূজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পূজামণ্ডপ পরিদর্শনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ অন্যরা
ছবি: আশিকুজ্জামান

করোনা সংক্রমণের কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গত দুই বছর সরস্বতী পূজা আয়োজন হয় সীমিত পরিসরে। এবার বিশ্ববিদ্যালয়ে আবার বর্ণাঢ্য আয়োজনে সরস্বতী পূজা উদ্‌যাপন করা হচ্ছে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিটি বিভাগ, ইনস্টিটিউট, হল প্রশাসন আলাদাভাবে এই পূজা উদ্‌যাপন করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ৩৪ বিভাগ ও ২টি ইনস্টিটিউটসহ ছাত্রী হল ও ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে আলাদা আলাদা মোট ৩৮টি পূজামণ্ডপে এই পূজা উদ্‌যাপন করছেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষক ও শিক্ষার্থীরা।

বিভিন্ন বিভাগের মণ্ডপগুলোর সাজসজ্জায় স্বকীয়তা ফুটে উঠেছে। একেক বিভাগ তাদের পঠিত বিষয়ের সঙ্গে মিল রেখে মণ্ডপ সাজিয়েছে। যেমন জার্নালিজম বিভাগ তাদের মণ্ডপ করেছে টেলিভিশনের আদলে। আবার সংগীত বিভাগ করেছে হারমোনিয়ামের রিড দিয়ে। গাণিতিক বিভিন্ন সূত্র আছে অর্থনীতি বিভাগের মণ্ডপে।  

সকালে বিদ্যাদেবী সরস্বতীর বন্দনায় ঢাকঢোল, কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস। বাণী অর্চনা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইমদাদুল হক সব পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ কামালউদ্দীন আহমেদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। পরে উপাচার্যের সম্মেলনকক্ষে একটি আলোচনা সভা হয়।

উপাচার্য ইমদাদুল হক বলেন, ‘করোনা দুর্যোগের কারণে দুই বছর বৃহৎ পরিসরে পূজার ব্যবস্থা করতে পারিনি। এবার সবার অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে পূজা আয়োজনের চেষ্টা করা হয়েছে। যেকোনো দুর্ঘটনা, বিবাদ এড়াতে  প্রস্তুত বিশ্ববিদ্যালয় প্রশাসন।’

সভায় কোষাধ্যক্ষ কামালউদ্দীন আহমেদ বলেন, ‘অসাম্প্রদায়িক বাংলাদেশেকে অস্থির করতে একটি মহল সব সময় চেষ্টা করে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পূজা উদ্‌যাপনের মাধ্যমে জানিয়ে দিতে চাই, আমরা ঐক্যবদ্ধ। আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো ধর্মীয় ও জাতিগত পার্থক্য নেই।’