রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে একজন নিহত
রাজধানীর কদমতলীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. মাহবুব আলম (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় পথচারীরা মাহবুব আলমকে উদ্ধার করে রাত সোয়া ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত মাহবুব কোমল পানীয় সরবরাহকারী একটি প্রতিষ্ঠানে কাজ করতেন। তিনি কদমতলীর দক্ষিণ দনিয়ার স্থায়ী বাসিন্দা মৃত আবুল হাসেম সোলাইমানের ছেলে। দুই কন্যাসন্তানের জনক ছিলেন তিনি।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, লাশটি মর্গে রাখা হয়েছে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।
সংবাদ শুনে নিহত ব্যক্তির ছোট ভাই রফিকুল আলম হাসপাতালে ছুটে আসেন। তিনি বলেন, ‘হাসপাতালে এসে ভাইয়ের মৃতদেহ দেখতে পাই। যতটুকু শুনেছি, দনিয়া পাটের বাগ জমিদার গলি দিয়ে যাওয়ার পথে কেউ ভাইকে কুপিয়েছে। কেন এ খুন, তা–ও বুঝতে পারছি না।’