ঝড়ের মধ্যে ঢাবির শহীদুল্লাহ্ হলে গাছ উপড়ে একজন আহত
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে একটি কৃষ্ণচূড়াগাছ উপড়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলের এক লন্ড্রিকর্মী আহত হয়েছেন। গতকাল সোমবার রাত আটটার দিকে হলের ফটকের সামনে থাকা গাছটি উপড়ে পড়ে। এতে মাথায় আঘাত পাওয়া ওই লন্ড্রিকর্মী এখন সুস্থ আছেন।
আহত লন্ড্রিকর্মী ফখরুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গাছটি উপড়ে পড়ার সময় ফটকে দায়িত্ব পালন করছিলেন হলের নিরাপত্তাকর্মী কবির হোসেন। তিনি বলেন, রাত আটটার দিকে তাঁর সামনেই গাছটি উপড়ে পড়ে।
জানতে চাইলে শহীদুল্লাহ্ হলের ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষ মুহাম্মদ জাবেদ হোসেন বলেন, আহত ফখরুল এখন সুস্থ আছেন।
ঢাকা শহরে হাতে গোনা যে কটি এলাকায় সবুজের আচ্ছাদন আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস তার মধ্যে অন্যতম। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রবল বাতাসের প্রভাবে গতকাল রাতে শহীদুল্লাহ্ হল ছাড়াও ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি গাছ উপড়ে গেছে। এগুলোর মধ্যে রয়েছে মাস্টারদা সূর্য সেন হলের ফটকের পশ্চিম পাশের দুটি, টিএসসির ডাস ক্যাফেটেরিয়ার পশ্চিম পাশের একটি, অমর একুশে হলের একটি এবং জগন্নাথ হলের জ্যোতির্ময় গুহঠাকুরতা ভবনের সামনের একটি গাছ।
এদিকে ঝড়বৃষ্টির সময় শিক্ষার্থীদের সাবধানে থাকার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের গাছপালার রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা জগন্নাথ হলের প্রাধ্যক্ষ মিহির লাল সাহা।