গারো ও হাজং শিশুদের আঁকা ১০০টি ছবির প্রদর্শনী
ঢাকার রাজধানীর ইএমকে সেন্টারে শুরু হয়েছে প্রথমবারের মতো গারো ও হাজং বাচ্চাদের আঁকা ১০০টি ছবির প্রদর্শনী। আয়োজন করছে ইএমকে সেন্টার ও লাইটশোর ফাউন্ডেশন। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টা থেকে প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউ ওয়াই সিস্টেমের ফারহানা এ রাহমান, জেসিআই ঢাকা ফাউন্ডারসের এম আসিফ রাহমান, ইউএনডিপির হেড অব কমিউনিকেশন আবদুল কাইয়্যুম।
ইউএনডিপির হেড অব কমিউনিকেশন আবদুল কাইয়্যুম বলেন, ‘এ ধরনের উদ্যোগ পিছিয়ে পড়া শিশুদের সৃজনশীলতা বাড়াবে, পাশাপাশি তাদের আরও আত্মবিশ্বাসী করে তুলবে। এই শিশুদের মূলধারার শিক্ষার সঙ্গে যুক্ত করতে হলে আমাদের সবার সম্মিলিত প্রয়াস দরকার।’
জেসিআই ফাউন্ডারসের লোকাল প্রেসিডেন্ট এম আসিফ রহমান বলেন, ‘সুবিধাবঞ্চিত এই শিশুগুলো যারা আগে কখনো ক্রেয়ন হাতে নেয়নি, তারা এত সুন্দর পেইন্ট করে, নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস করতাম না। আমি এখানে কৃতজ্ঞতা জানাতে চাই লাইটশোরকে, বাচ্চাদের মনের ভাব প্রকাশ করার জন্য এত সুন্দর ইভেন্ট অর্গানাইজ করেছে। লাইটশোর ফাউন্ডেশন শুধু একটা আর্ট ক্যাম্প প্রদর্শনীই নয়, বাচ্চাদের জন্য একটা স্কুল করার স্বপ্ন দেখেছে এবং সেটা বাচ্চাদের নিজেদের টাকায়, এটা বাংলাদেশের জন্য উদাহরণ হয়ে থাকবে।’
প্রদর্শনীর উদ্যোক্তা সুলতানা রাজিয়া জানান, এ আর্ট ক্যাম্প আয়োজন করতে গিয়ে অনেক ভিন্নধর্মী অভিজ্ঞতা ছিল, যেমন এই শিশুরা তাদের মেধা দিয়ে প্রমাণ করল যে সব জায়গায় প্রতিভা ছড়িয়ে আছে। কিন্তু সুযোগ নেই বলে প্রতিভা বিকশিত হচ্ছে না। আমরা আশা করছি, এ প্রদর্শনী আয়োজনের মধ্য দিয়ে তাদের আঁকা ছবিগুলো বিশ্বদরবারে তুলে ধরার পাশাপাশি তাদের জন্য এ রকম আরও ভিন্নধর্মী আয়োজন করব ভবিষ্যতে।’
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিশুদের আঁকা নানান ছবি নিয়ে ঢাকার ইএমকে সেন্টারে আয়োজন করা হয়েছে ছয় দিনব্যাপী শিল্প প্রদর্শনী। ১ মার্চ শুরু হওয়া প্রদর্শনী চলবে ৬ মার্চ পর্যন্ত। সাপ্তাহিক ছুটিতে প্রদর্শনী বন্ধ থাকবে।
আয়োজনটির সঙ্গে আছেন ইএমকে সেন্টার, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, জেসিআই ফাউন্ডারস, দৈনিক ইত্তেফাক, বিটকস, সময় টিভি, নগদ, স্বপ্ন ৭১ প্রকাশন, রেডিও ক্যাপিটাল এফএম ৯৪.৮, লা-ইভেন্টো, ভলান্টিয়ার অপরচুনিটিস ও ইমেজ গ্রুপ। বিজ্ঞপ্তি