রাজউক চেয়ারম্যানের দুঃখ প্রকাশ, ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি
আদালতের আদেশ অনুসারে একটি প্লটসংক্রান্ত নথি দাখিল না হওয়ায় আদালতের কাছে দুঃখ প্রকাশ করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা। পাশাপাশি ভবিষ্যতে আদালতের আদেশ প্রতিপালনে সতর্ক থাকবেন বলেও অঙ্গীকার করেন তিনি।
আজ বৃহস্পতিবার বিচারপতি মাহমুদুল হক ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি নিয়ে তাঁকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন।
নিকুঞ্জ এলাকায় একটি প্লট নিয়ে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা খালিদ মাহমুদ ২০০৪ সালে রিট করেন। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট একই বছরের ৩০ মার্চ রুল দিয়ে রাজউককে ওই প্লটের নথি পাঠাতে নির্দেশ দেন। এ আদেশ বাস্তবায়িত না হওয়ায় গত ডিসেম্বরে বিষয়টি আদালতের নজরে আনা হয়। গত ১৩ ডিসেম্বর হাইকোর্ট বিশেষ বার্তাবাহকের মাধ্যমে নথি পাঠাতে রাজউককে নির্দেশ দেন। এ সত্ত্বেও নথি না আসায় নির্দেশনা চেয়ে আদালতে আবেদন দাখিল করে রিট আবেদনকারীর আইনজীবী। এর পরিপ্রেক্ষিতে ১৬ মে হাইকোর্ট এক আদেশে বারবার আদালতের আদেশ কেন উপেক্ষা করা হয়েছে এবং কেন আদালত অবমাননার কার্যধারা শুরু করা হবে না, সে বিষয়ে ব্যাখ্যা জানাতে রাজউক চেয়ারম্যানকে ১৮ মে আদালতে হাজির হতে নির্দেশ দেন।
এ অনুসারে আজ সকালে রাজউক চেয়ারম্যান আদালতে হাজির হন। আদালত তাঁর বক্তব্যও শোনেন। রাজউক চেয়ারম্যানের পক্ষে শুনানি করেন আইনজীবী কে এম সাইফুদ্দিন আহমেদ ও ইমাম হাছান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম মাসুদ রুমি। রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ গোলাম রসুল, সঙ্গে ছিলেন আইনজীবী নূরুল আজিম ও শেখ মো. গোলাম কিবরিয়া।
পরে আইনজীবী নূরুল আজিম প্রথম আলোকে বলেন, গত বছরের ১৩ ডিসেম্বর আদালতের আদেশ রাজউক চেয়ারম্যান সংশ্লিষ্ট কর্মকর্তাকে পাঠিয়েছেন। তবে নথি পাঠাতে বিলম্ব হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিদের কারণ দর্শাতে বলেছেন বলে আদালতকে জানিয়েছেন তিনি। আদালতের আদেশ প্রতিপালনে বিলম্বের বিষয়টি একেবারেই অনিচ্ছাকৃত অবহেলা বা ভুল। সে জন্য তিনি দুঃখ প্রকাশ ও নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। ভবিষ্যতে আদালতের আদেশ প্রতিপালনে সতর্ক থাকবেন বলে অঙ্গীকার করেছেন। শুনানি নিয়ে আদালত ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন।