যাত্রাবাড়ীতে বাস উল্টে ১৮ যাত্রী আহত
রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে একটি বাস উল্টে অন্তত ১৮ জন যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আজ শুক্রবার ভোরে মাতুয়াইল মেডিকেলের সামনের সড়কের ইউলুপের কাছে এ দুর্ঘটনা ঘটে।
বন্ধন পরিবহন নামের ওই বাসটি নারায়ণগঞ্জ থেকে যাত্রী নিয়ে রাজধানীতে আসছিল।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, মাতুয়াইলের দুর্ঘটনায় আহত ১৮ জনকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে।
এর মধ্যে তিনজন বেশি আঘাত পেয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে এক নারীর হাতের চারটি আঙুল বিচ্ছিন্ন হয়েছে বলেও জানান তিনি।
দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা মনির হোসেন প্রথম আলোকে বলেন, বন্ধন পরিবহনের যাত্রীবাহী বাসটি নারায়ণগঞ্জের সাইনবোর্ড পার হওয়ার কিছুক্ষণ পরই হঠাৎ করে উল্টে যায়। এ সময় বাসের ভেতরেই আসন থেকে ছিটকে পড়ে মাথা এবং হাতে-পায়ে আঘাত পান।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) শামীম রেজা প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর বাসের চালক এবং তাঁর সহকারী পালিয়ে গেছেন। বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।