শীতার্ত মানুষের মাঝে আইজিপির শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর বনানীর পান্থকুঞ্জে
ছবি: সংগৃহীত

শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর বনানীর পান্থকুঞ্জে তিনি কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময় আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, পুলিশ সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। কয়েক দিন ধরে শীতের তীব্রতা বেড়েছে। অসহায় মানুষসহ পথশিশুদের কষ্ট হচ্ছে। তাদের কষ্ট লাঘবের জন্য আমরা কম্বল ও শীতবস্ত্র বিতরণ করছি। এতে অসহায় মানুষের সামান্যতম উপকার হলেও আমরা কৃতজ্ঞ থাকব।

আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আরও বলেন, করোনাকালে যখন মানবিকতার চরম বিপর্যয় দেখা দিয়েছিল, তখন পুলিশ নিজের জীবন বিপন্ন করে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। পুলিশ অসহায় মানুষের কাছে খাবার পৌঁছে দিয়েছে। অসুস্থ মানুষের চিকিৎসার ব্যবস্থা করেছে। করোনায় কেউ মারা গেলে দাফন ও সৎকারের ব্যবস্থা করেছে। করোনা মহামারির সময় দায়িত্ব পালনকালে ১০৬ জন পুলিশ সদস্য জীবন উৎসর্গ করেছেন। তবুও পুলিশ সেবা দেওয়া থেকে পিছপা হয়নি। জনগণের পাশে থেকেছে।

শীতবস্ত্র বিতরণকালে আইজিপির সঙ্গে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আতিকুল ইসলাম, পুলিশ সদর দপ্তরের ডিআইজি এস এম মোশতাক আহমেদ খানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।