গুলিস্তানে এক বাসের ধাক্কায় রাস্তায় পড়ার পর আরেক বাসের চাপায় মৃত্যু
রাজধানীতে হাসপাতালে যাওয়ার পথে বাসের চাপায় হালিমা বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে গুলিস্তান পাতাল মার্কেটসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, হালিমা বেগম কেরানীগঞ্জ থেকে শাহবাগের বারডেম হাসপাতালে যাচ্ছিলেন। বাস পরিবর্তনের জন্য গুলিস্তানে এসে রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাঁকে ধাক্কা দেয়। এতে হালিমা বেগম রাস্তায় পড়ে যান। তখন আরেকটি বাস তাঁকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় হালিমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান তিনি।
পল্টন থানার পরিদর্শক সেন্টু মিয়া প্রথম আলোকে বলেন, দুর্ঘটনায় জড়িত দুটি বাসের একটিকে জব্দ করেছে পুলিশ। আরেকটি পালিয়ে গেছে, সেটি শনাক্ত করে জব্দ করার চেষ্টা চলছে।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহতের স্বামী লাল মিয়া বলেন, হালিমা বেগম ডায়াবেটিস রোগী। তিনি নিয়মিত বারডেম হাসপাতালে চিকিৎসা নিতে যেতেন। সোমবারও বাসা থেকে বারডেমে চিকিৎসক দেখাতে বের হন।