‘নারীর ভূমি অধিকার নিশ্চিতে দাঁড়াই একসঙ্গে’ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন
উত্তরাধিকার সম্পত্তিতে সম-অধিকার, সরকারি খাসজমি বিতরণ এবং ভূমি বাজার বা জমি কেনা ও লিজ গ্রহণের ক্ষেত্রে নারীদের যতটুকু অধিকার পাওয়ার কথা, তা তাঁরা পাচ্ছেন না। কোনো কোনো ক্ষেত্রে নারীদের অধিকারহীনতা চরম মাত্রায় পৌঁছেছে। ভূমিতে নারীর অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশে বৈশ্বিক ক্যাম্পেইনের অংশ হিসেবে শুরু হয়েছে ‘স্ট্যান্ড ফর হার ল্যান্ড’ ক্যাম্পেইন, যা বাংলায় বলা হচ্ছে ‘নারীর ভূমি অধিকার নিশ্চিতে দাঁড়াই একসঙ্গে’।
আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) ‘নারীর ভূমি অধিকার নিশ্চিতে দাঁড়াই একসঙ্গে’ এ ক্যাম্পেইনের উদ্বোধন ঘোষণা করেছে। চলতি বছরের জানুয়ারি থেকে বাংলাদেশে এ ক্যাম্পেইন বাস্তবায়ন করছে এএলআরডি।
ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ভূমিতে নারীর অধিকার প্রতিষ্ঠার বিষয়টি দীর্ঘদিনের পুরোনো সমস্যা। তবে এটির সমাধান কঠিন বিষয় নয়। নারীরা বাবার সম্পত্তির একটি অংশ পান। বাবার জমি নারীরা কমবেশি পাচ্ছেন, তবে তা নিয়ে তর্কবিতর্ক হতে পারে। কোনো কোনো ধর্মের নারীরা এ সম্পত্তিও পাচ্ছেন না। সার্বিকভাবে ভূমির মালিকানায় নারীদের বিভিন্ন চ্যালেঞ্জের সমাধান করতে হবে। বৈধভাবে যে সরকার ক্ষমতায় আছে, তাদেরই বিষয়টি সমাধান করতে হবে। বর্তমান সরকার এ নিয়ে কাজও করছে।
ভূমিতে নারীর অধিকার প্রতিষ্ঠায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংগঠনের প্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানান। তাঁর মতে, শুধু ভূমি নয়, নারীর জীবন রক্ষায় সবাইকে এক হতে হবে। নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা দানখয়রাতের কোনো বিষয় নয় বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে বাংলাদেশে গ্রামীণ নারীদের ভূমিতে অধিকারবিষয়ক ‘এন অ্যানালাইসিস অন উইমেন ল্যান্ড রাইটস ইন দ্য রুরাল কমিউনিটি অব বাংলাদেশ’ শীর্ষক প্রতিবেদনের মোড়ক উন্মোচন করেন এম এ মান্নানসহ অন্য অতিথিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়েছে, বাংলাদেশে এ ক্যাম্পেইনে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেটের অর্থায়নে আন্তর্জাতিক সংগঠন ল্যান্ডেসা এবং ইন্টারন্যাশনাল ল্যান্ড কোয়ালিশন সহায়তা করছে। বিশ্বের ছয়টি দেশে এ ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। এ ক্যাম্পেইন এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে ভূমিবিষয়ক আইন ও নীতিমালা গ্রহণ, সংশোধন বা পরিমার্জন এবং তা বাস্তবায়নে ভূমিকা রাখছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা বলেন, ৩০ বছর ধরে এএলআরডি ভূমিতে নারীর অধিকার প্রতিষ্ঠার কথা বলছে। এ বিষয়ে সরকারের রাজনৈতিক সদিচ্ছাও আছে। তারপরও নীতি ও তা বাস্তবায়নে অনেক ফারাক আছে। বর্তমানের ক্যাম্পেইন এই গ্যাপ বা ফারাক পূরণে সহায়তা করবে। বাংলাদেশে ক্যাম্পেইনের আওতায় ফরিদপুর, পটুয়াখালীর বাউফল এবং দিনাজপুরের চিরিরবন্দরে একটি পাইলট প্রকল্প পরিচালিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনায় ঢাকায় মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অফিসার সোফিয়া ম্যূলেনবার্গ বলেন, ভূমিতে অধিকার না থাকায় নারীরা সিদ্ধান্ত গ্রহণ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পিছিয়ে যাচ্ছে। শুধু যুক্তরাষ্ট্র নয়, মানবাধিকার প্রতিষ্ঠায় সারা বিশ্বে ভূমিতে নারীর অধিকার প্রতিষ্ঠা করতে হবে। সামাজিক নেতিবাচক নানা প্রথা বা রীতিনীতি নারীর অধিকার প্রতিষ্ঠায় বা চর্চায় বাধা হয়ে দাঁড়ায় বলে তিনি উল্লেখ করেন।
বাংলাদেশে যে ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে, তার বাংলাদেশ প্রজেক্ট লিড জেনিফার ব্রাউন বলেন, ভূমিতে নারীর অধিকার প্রতিষ্ঠা পেলে নারীর অন্যান্য অধিকার অর্জনের পথ সহজ হয়।
ইন্টারন্যাশনাল ল্যান্ড কোয়ালিশনের এশিয়া রিজিওনালের সমন্বয়কারী মিরগুল আমানলিয়েভা বাংলাদেশের যুবশক্তিকে কাজে লাগানো গেলে ভূমিতে নারীর অধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন, তা সফল করা সহজ হবে বলে উল্লেখ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এএলআরডির উপনির্বাহী পরিচালক এবং ক্যাম্পেইনের দেশীয় সমন্বয়কারী রওশন জাহান। দেশের নারীরা কোন কোন ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন, তা তুলে ধরেন রূপান্তর পট গানের দলের সদস্যরা।