বিস্ফোরণের ১৮ ঘণ্টা পরও ভাইয়ের খোঁজ পেলেন না শাহাদাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাই রবিন হাসানকে খুঁজতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান শাহাদাত হোসেন (নীল টি–শার্ট পরা)।
ছবি: প্রথম আলো

রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের ১৮ ঘণ্টা পেরিয়ে গেলেও মো. রবিন হোসেনের (১৮) সন্ধান পায়নি তাঁর স্বজনেরা।

রবিন হোসেন বিস্ফোরিত ভবনে আনিকা নামের একটি স্যানিটারি পণ্যের দোকানে কাজ করতেন। তাঁর গ্রামের বাড়ি শরীয়তপুরের গোসাইরহাটে। ঢাকার যাত্রাবাড়ীর মুরাদপুর হাইস্কুল এলাকায় থাকতেন তাঁরা।

সিদ্দিকবাজারের বিস্ফোরণের পর নিখোঁজ রবিন হোসেন।

বিস্ফোরণের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ (ঢামেক) বিভিন্ন জায়গায় খোঁজ করছেন তাঁর ভাই মো. শাহাদাত হোসেন। গতকাল দিনরাত খুঁজেও কোথাও ভাইয়ের সন্ধান পাননি তিনি। তাই আজ বুধবার আবার সিদ্দিকবাজারে বিস্ফোরিত ভবনের সামনে অপেক্ষা করছেন।

আজ সকাল পৌনে ১০টার দিকে মুঠোফোনে শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমার ভাইকে এখনো পাইনি। বিস্ফোরণের আগপর্যন্ত আমার ভাই দোকানের ভেতরেই ছিল।’

এর আগে গতকাল রাতে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের সামনে শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, ‘বিস্ফোরণের পর থেকে রবিনের মোবাইল বন্ধ। ঢাকা মেডিকেল কলেজের মর্গে খুঁজলাম, নাই। বিস্ফোরণের শিকার সবাইকে যেখানে চিকিৎসা দিচ্ছে, সেখানে খুঁজলাম, সেখানেও নেই। কোথাও খঁজে পাচ্ছি না। যেখানে বিস্ফোরণ হয়েছে, এখন সেখানে আবার যাব ওকে খোঁজার জন্য।’

তাঁদের মা–বাবা এখন ঢাকায়। মা–বাবাকে বাসায় রেখে ভাইয়ের খোঁজে আছেন শাহাদাত হোসেন।

গতকাল মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে উদ্ধারকাজ স্থগিতের কথা জানায় ফায়ার সার্ভিস। আজ তা আবার শুরু হয়েছে।