জুরাইনে অটোরিকশার চাপায় শিশুশিক্ষার্থী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারিয়া আক্তার
ছবি: সংগৃহীত

রাজধানীর কদমতলীর জুরাইনে আজ বুধবার সকালে অটোরিকশার চাপায় এক শিশুশিক্ষার্থী নিহত হয়েছে।

নিহত শিশুর নাম মেহজাবিন ইসলাম ভূঁইয়া ওরফে মারিয়া আক্তার (৭)। সে জুরাইনের আশরাফ মাস্টার হাইস্কুলের তৃতীয় শ্রেণিতে পড়ত।

একই ঘটনায় ফাইজা নামের এক শিশু আহত হয়েছে। সে জুরাইনের আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণিতে পড়ে।

এ ঘটনায় অটোরিকশাচালককে আটক করেছে পুলিশ। কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবর রহমান প্রথম আলোকে বলেন, মারিয়া ও ফাইজা নামের দুই শিশু জুরাইনের আশরাফ মাস্টার হাইস্কুলের সামনের রাস্তা পার হচ্ছিল। এ সময় বেপরোয়া গতির একটি অটোরিকশা তাদের চাপা দেয়। এতে দুজনই আহত হয়।

গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে মারিয়াকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের দায়িত্বে থাকা পরিদর্শক মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে প্রথম আলোকে বলেন, আহত ফাইজার আশঙ্কামুক্ত।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ লোকজন অটোরিকশাটি আটক করে আগুন জ্বালিয়ে দেন। তাঁরা কিছু সময় রাস্তা বন্ধ করে রাখেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, মারিয়া তার মা-বাবার সঙ্গে পূর্ব জুরাইনে থাকত। তার বাবার নাম মো. জুলফিকার।

মারিয়ার বাবা নেই। খবর পেয়ে চাচা তৌফিকুল ইসলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন। মারিয়াকে মৃত ঘোষণা করা হলে তিনি কান্নায় ভেঙে পড়েন। আহত ফাইজাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।