মায়ের পর চলে গেল শিশুটিও

লাশ
প্রতীকী ছবি

রাজধানীর ডেমরায় ছাদ থেকে পড়ে মায়ের মৃত্যুর পর মারা গেল সন্তানও। রোববার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

রোববার সকালে ডেমরার সানারপাড়া এলাকায় হালিমা খাতুন নামের ওই নারী তাঁর সন্তান সাদমানসহ ছাদ থেকে নিচে পড়েন। এতে হালিমা ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় সাদমানকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।

ময়নাতদন্তের জন্য মা ও সন্তানের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে নেওয়া হয়েছে।

পুলিশ বলছে, হালিমা খাতুনের স্বামী শাহিনুর রহমান নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকার একটি স্কুলে শিক্ষকতা করেন। শাহিনুরের পরিবার ও তাঁর আরেক ভাইয়ের পরিবার একটি ভাড়া বাসায় থাকতেন। একসঙ্গে থাকা নিয়ে তাঁদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব ছিল। তাঁদের গ্রামের বাড়ি নীলফামারী জেলায়।

ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) ফারুক মোল্লা প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটা আত্মহত্যার ঘটনা। তবে অন্য কোনো বিষয় আছে কি না, সেটাও তদন্ত করে দেখা হচ্ছে।