জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাত ১০টার পর না থাকার অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাত ১০টার পর অবস্থান না করার অনুরোধ জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রেজিস্ট্রার ওয়াহিদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে রাত ১০টার পর শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে অবস্থান না করার জন্য অনুরোধ করা হলো। সংশ্লিষ্ট সকলের সহযোগিতাও একান্ত কাম্য।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে মাত্র একটি ছাত্রী হল রয়েছে। আর বাকি সব শিক্ষার্থীকে নিজস্ব ব্যবস্থাপনায় থাকতে হয়। শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা শেষে বেলা সাড়ে তিনটায় ক্যাম্পাসের গাড়িতে বাসায় ফিরতে পারেন। শিক্ষার্থীরা ক্যাম্পাসের কেন্দ্রীয় গ্রন্থাগারে রাত আটটা এবং উন্মুক্ত গ্রন্থাগারে রাত সাড়ে আটটা পর্যন্ত পড়াশোনার সুযোগ পান।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ কামালউদ্দীন আহমদ প্রথম আলোকে বলেন, বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ যেন ক্যাম্পাসে অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে এবং শিক্ষার্থীদের বাড়তি নিরাপত্তা দেওয়ার জন্যই এ সিদ্ধান্ত।