রায়েরবাজারের বাসা থেকে দুই সন্তানসহ মায়ের লাশ উদ্ধার
রাজধানীর রায়েরবাজারের বদিঘর এলাকার একটি বাসা থেকে পুলিশ আজ বৃহস্পতিবার রাতে দুই শিশুসন্তানসহ তিনজনের লাশ উদ্ধার করেছে। পুলিশ বলেছে, দুই ছেলে-মেয়েকে হত্যার পর মা নিজে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
নিহত ব্যক্তিরা হলেন হাসিনা আক্তার (২৮), তাঁর সাত মাসের ছেলে সিয়াম হোসেন ও তিন বছরের মেয়ে সাদিয়া আক্তার।
তিনজনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. শহিদুল্লাহ। তিনি প্রথম আলোকে বলেন, হাসিনা তাঁর দুই সন্তানকে হত্যা করে নিজে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন, সেই তথ্য-প্রমাণ পুলিশের কাছে রয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, আজ রাত সাড়ে আটটার দিকে সাদ্দাম হোসেন তাঁর তিন বছরের মেয়ে সাদিয়াকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক সাদিয়াকে মৃত ঘোষণা করেন। সাদ্দাম রাইড শেয়ারিং অ্যাপ উবারের গাড়িচালক।
সাদ্দাম হোসেন প্রথম আলোকে বলেন, তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে সাদ্দাম রায়েরবাজারের ২২৭ বদিঘরে থাকেন। ঘটনার সময় তিনি পেশাগত কাজে এবং তাঁর ১০ বছরের ছেলে কোচিংয়ের জন্য বাইরে ছিলেন। তিনি দাবি করেন, স্ত্রীর সঙ্গে তাঁর কোনো ঝামেলা ছিল না। কারা তাঁর দুই সন্তানকে হত্যা করেছে এই প্রশ্নে সাদ্দাম হোসেন সন্তানদের মৃত্যুর বিষয় এড়িয়ে গিয়ে বলেন, তাঁর স্ত্রী আত্মহত্যা করেছেন। এ নিয়ে তিনি বিস্তারিত আর কিছু জানাতে চাননি।
উপকমিশনার শহিদুল্লাহ প্রথম আলোকে বলেন, সাদ্দাম-হাসিনা দম্পতির ১০ বছরের ছেলে কোচিং শেষে বাসায় এসে দরজা চাপানো দেখতে পায়। দরজাটি ধাক্কা দিলে খুলে যায়। এ সময় সে তার মাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখে। তার ছোট দুই ভাই-বোন মেঝেতে অচেতন অবস্থায় পড়ে আছে। এ সময় তার কান্না শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। তাঁরা সাদ্দামকে ফোন দিয়ে ঘটনা জানান। এরপর সাদ্দাম ছুটে বাসায় আসেন এবং মেয়ে সাদিয়াকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। প্রতিবেশীরা ঘটনাটি হাজারীবাগ থানায় জানান। পুলিশ দ্রুত এসে হাসিনা ও তাঁর ছেলে সিয়ামের লাশ উদ্ধার করে।
পুলিশ কর্মকর্তা শহিদুল্লাহ বলেন, তাঁদের কাছে তথ্য-প্রমাণ রয়েছে দুই শিশুসন্তানকে হত্যার পর মা নিজে আত্মহত্যা করেছেন। পরে তা বিস্তারিত জানাবেন।