ন্যাশনাল ডিফেন্স কলেজ পরিচালিত ‘ক্যাপস্টোন কোর্স ২০২৬/২ সম্পন্ন’

ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) আয়োজিত ‘ক্যাপস্টোন কোর্স ২০২৬/২’-এর সমাপনী অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী ফেলো ও অতিথিদের সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। মিরপুর সেনানিবাস, ঢাকা। ২০ আগস্ট ২০২৬ছবি: আইএসপিআরের সৌজন্যে

ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) পরিচালিত তিন সপ্তাহব্যাপী ‘ক্যাপস্টোন কোর্স ২০২৬/২’-এর সমাপনী অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার মিরপুর সেনানিবাসে এই কলেজে অনুষ্ঠিত হয়েছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে কোর্সে অংশগ্রহণকারী ফেলোদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।

২০ আগস্ট শুরু হওয়া এই কোর্সে মোট ৩৯ জন ফেলো অংশগ্রহণ করেন, যাঁদের মধ্যে ছিলেন সংসদ সদস্য, জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, খ্যাতনামা শিক্ষাবিদ, জ্যেষ্ঠ চিকিৎসক, সরকারি ও বেসরকারি সংস্থার উচ্চপদস্থ প্রতিনিধি, কূটনীতিক ও বিশিষ্ট ব্যবসায়ী প্রতিনিধিরা।

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ক্যাপস্টোন কোর্স সফলভাবে সম্পন্ন করার জন্য অংশগ্রহণকারীদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি জাতীয় নিরাপত্তা সুদৃঢ় করা এবং বাংলাদেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সাংবিধানিক দায়িত্ব পালনে সক্রিয় ভূমিকা রাখার জন্য সবাইকে আহ্বান জানান।

অনুষ্ঠানে ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমান জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোয় অব্যাহত সংলাপ ও ঐকমত্য গঠনে গুরুত্ব আরোপ করেন।

ন্যাশনাল ডিফেন্স কলেজের গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ হিসেবে ক্যাপস্টোন কোর্সটি কৌশলগত সচেতনতা বৃদ্ধি, গঠনমূলক চিন্তাধারার বিকাশ, আন্তবিভাগীয় সহযোগিতা জোরদার এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়নবিষয়ক একটি অভিন্ন দৃষ্টিভঙ্গি গড়ে তোলার লক্ষ্যে পরিচালিত হয়।

সমাপনী অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, এনডিসির অনুষদবৃন্দ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।