মিরপুরে ছাত্র–জনতার আন্দোলনে হামলায় আওয়ামী লীগ নেতা আব্দুল জব্বার গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে আওয়ামী লীগের নেতা আব্দুল জব্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর কাফরুলের সেনপাড়া পর্বতা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার এ তথ্য জানায়।
পুলিশ সূত্র জানায়, গত ১৯ জুলাই সেনপাড়া পর্বতা এলাকায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ছাত্র-জনতার ওপর গুলি ছোড়েন। তাঁদের গুলিতে মো. মোবারক হোসেন নামের এক ব্যক্তি গুরুতর আহত হন। এ ঘটনায় আহত মোবারকের মামা রুবেল হোসেন বাদী হয়ে কাফরুল থানায় একটি মামলা করেন।
পুলিশ আরও জানায়, মামলা তদন্তকালে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মোবারকের ওপর হামলাকারীদের শনাক্ত করে পুলিশ। পরে আব্দুল জব্বারকে গ্রেপ্তার করা হয়।