মোহাম্মদপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শিক্ষার্থী আহত
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইমন মিয়া (১৭) নামের এক শিক্ষার্থী আহত হয়েছে। আজ বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইমন মোহাম্মদপুরের একটি স্কুল থেকে চলতি বছর এসএসসি পাস করে কলেজে ভর্তির অপেক্ষায় আছে। হাসপাতালে চিকিৎসাধীন ইমন প্রথম আলোকে জানায়, আজ বিকেল পাঁচটার দিকে সে একটি রেস্তোরাঁয় খেয়ে বাসায় ফিরছিল। এ সময় কয়েকজন ছিনতাইকারী জাফরাবাদে তার রিকশার গতিরোধ করে। একপর্যায়ে ছিনতাইকারীরা তার গলায় ছুরি মেরে ১টি মুঠোফোন ও ২০০ টাকা নিয়ে পালিয়ে যায়।
ইমন মিয়াকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন রিকশাচালক শাকিল হোসেন। তিনি বলেন, ‘জাফরাবাদ এলাকায় রক্তাক্ত অবস্থায় ছেলেটিকে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। শুনেছি, ছেলেটি ছিনতাইকারীর কবলে পড়েছিল।’
এ বিষয়ে জানতে চেয়ে আজ সন্ধ্যায় যোগাযোগ করা হলে পুলিশের মোহাম্মদপুর অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার আজিজুল হক প্রথম আলোকে বলেন, তিনি বিষয়টির খোঁজ নিচ্ছেন।