শিশু-কিশোরদের অংশগ্রহণে গুলশান সোসাইটির পরিচ্ছন্নতা অভিযান
পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা এবং পরিবেশ–সচেতনতা বাড়ানোর লক্ষ্যে শিশু-কিশোরদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে গুলশান সোসাইটি। আজ শুক্রবার সকালে রাজধানীর গুলশান-২–এর লেকপার্ক ও আশপাশের সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ শিশু-কিশোরেরা স্বতঃস্ফূর্তভাবে এ অভিযানে অংশ নেয়। সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কার্যক্রমে অংশগ্রহণকারীরা পার্ক ও সড়কের বিভিন্ন স্থানে পড়ে থাকা প্লাস্টিক, কাগজ ও অন্যান্য বর্জ্য সংগ্রহ করে। পরিচ্ছন্নতা অভিযানে শিশু-কিশোরদের সক্রিয় অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে।
এ সময় অংশগ্রহণকারী শিশুদের অভিভাবক, শিক্ষক ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত বলেন, এ ধরনের কার্যক্রম শিশু-কিশোরদের মধ্যে পরিবেশ–সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে দেশপ্রেম ও নাগরিক দায়িত্ব সম্পর্কে তাদের মধ্যে ইতিবাচক মানসিকতা গড়ে উঠবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
ওমর সাদাত বলেন, পরিচ্ছন্নতা কার্যক্রমের মূল উদ্দেশ্য সামাজিক সচেতনতা তৈরি করা। এ ধরনের উদ্যোগ দেখে অন্যরাও নিজ নিজ এলাকায় একই ধরনের কর্মসূচি গ্রহণে উৎসাহিত হলে এ প্রচেষ্টা সফল হবে।