ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তবিশ্ববিদ্যালয় আইডিয়া কম্পিটিশনের উদ্বোধন

‘স্ট্র্যাটেজিক অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ লিডারশিপ (সেল) সামিট’–এর সমাপনী অনুষ্ঠানে অতিথিরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র–শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে, ৩০ জুনছবি: প্রথম আলো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন, ক্রিয়েটিভিটি অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ (আইস) সেন্টার কর্তৃক ‘ক্রিয়েটিভ বাংলাদেশ’ প্রকল্পের আওতায় দেশের সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘আন্তবিশ্ববিদ্যালয় আইডিয়া কম্পিটিশনের’ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র–শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ (ওএসএল) বিভাগের ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘স্ট্র্যাটেজিক অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ লিডারশিপ (সেল) সামিট’–এর সমাপনী অনুষ্ঠানে এ প্রতিযোগিতার ঘোষণা দেওয়া হয়।

ওএসএল বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মো. রাশেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক মাহমুদ ওসমান ইমাম।

বাংলাদেশ সরকার ও কোরিয়া ইন্টারন্যাশনাল কো–অপারেশন এজেন্সির (কোইকা) সরকার টু সরকার (জিটুজি) সহযোগিতায় বাস্তবায়িত ‘ক্রিয়েটিভ বাংলাদেশ’ প্রকল্পের আওতায় এ প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে। এর লক্ষ্য দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে উদ্ভাবন, সৃজনশীলতা ও যুব উদ্যোক্তা তৈরির অনুকূল পরিবেশ গড়ে তোলা।

প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থী ও অ্যালামনাইরা অংশ নিতে পারবেন।

নির্বাচিত দলগুলো ৩২০ ঘণ্টার উদ্যোক্তা শিক্ষা কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ পাবে। সেখানে প্রশিক্ষণ, মেন্টরিং ও কারিগরি সহায়তার মাধ্যমে তাদের ব্যবসায়িক ধারণাকে টেকসই উদ্যোগে রূপ দিতে সহায়তা করা হবে।

আগামী ১ থেকে ১৪ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে। ২২ ও ২৩ জুলাই আইডিয়া উপস্থাপনা (পিচিং) অনুষ্ঠিত হবে। কৃষি, স্বাস্থ্যসেবা, তথ্যপ্রযুক্তি, শিক্ষা, জলবায়ু, জ্বালানি, ই-কমার্স, সৃজনশীল শিল্পসহ বিভিন্ন খাতের উদ্ভাবনী ধারণা নিয়ে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের আবেদন করতে আহ্বান জানানো হয় অনুষ্ঠানে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে গবেষণাকেন্দ্রিক, উদ্ভাবননির্ভর এবং আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করে যাচ্ছে। তিনি শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা এবং উদ্যোক্তা-দক্ষতা বিকাশের ওপর গুরুত্বারোপ করেন এবং তাদেরকে চাকরিপ্রত্যাশীর পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

উপাচার্য ওএসএল বিভাগের ১০ বছর পূর্তি উপলক্ষে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অভিনন্দন জানিয়ে বলেন, বিভাগটি নেতৃত্ব বিকাশ, কৌশলগত ব্যবস্থাপনা, গবেষণা এবং উদ্যোক্তা উন্নয়নের ক্ষেত্রে ইতিমধ্যে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে।