মিরপুর ১ থেকে টেকনিক্যাল সড়কে বর্জ্য অপসারণে ডিএনসিসিকে আইনি নোটিশ

রাজধানীর মিরপুর ১ থেকে টেকনিক্যাল পর্যন্ত প্রধান সড়ক ও ফুটপাত থেকে বর্জ্য অপসারণ, জনস্বাস্থ্য রক্ষা এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে (ডিএনসিসি) আইনি নোটিশ দেওয়া হয়েছে।

ডিএনসিসির প্রশাসক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, অঞ্চল-২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাকে এ নোটিশ পাঠানো হয়। বিইউবিটি লইয়ার্স অ্যাসোসিয়েশনের (বুলা) সাধারণ সম্পাদক ও মানবাধিকারকর্মী আইনজীবী এইচ এম রাশিদুল ইসলাম (রাশেদ) জনস্বার্থে এই নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, মিরপুর ১ থেকে টেকনিক্যাল পর্যন্ত মিরপুর সড়কের বিভিন্ন স্থানে প্রধান সড়ক ও ফুটপাতের ওপর বর্জ্য ওঠানো-নামানো (লোডিং-আনলোডিং) এবং স্তূপ করে রাখা হচ্ছে। এতে ফুটপাত চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এবং পথচারীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এ ছাড়া বর্জ্যের দুর্গন্ধে অস্বাস্থ্যকর পরিবেশ ও পরিবেশদূষণের পাশাপাশি তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। তাই অবিলম্বে সড়ক ও ফুটপাত থেকে সব বর্জ্য অপসারণ করে এলাকাটি পরিষ্কার ও চলাচলযোগ্য করার দাবি জানানো হয়েছে।

একই সঙ্গে সড়ক ও ফুটপাতকে বর্জ্য স্তূপীকরণ, সংগ্রহ কিংবা অস্থায়ী ভাগাড় হিসেবে ব্যবহার বন্ধ করার দাবি জানানো হয়। পাশাপাশি পথচারীদের জন্য ফুটপাতের পূর্ণ ব্যবহার নিশ্চিত করাসহ বর্জ্য সংগ্রহ ও পরিবহনে ডিএনসিসির নির্ধারিত স্থান ও পদ্ধতি অনুসরণের তাগিদ দেওয়া হয়েছে।

নোটিশে আরও বলা হয়, অঞ্চল-২-এর কর্মকর্তাদের মাধ্যমে নিয়মিত মাঠপর্যায়ে তদারক করতে হবে। ভবিষ্যতে কেউ সড়ক বা ফুটপাতে বর্জ্য স্তূপ করলে দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এসব দাবি বাস্তবায়নে পদক্ষেপ না নিলে আদালতের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত প্রতিকার চাওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

আইনি নোটিশ পাঠানো আইনজীবী এইচ এম রাশিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘“গ্রিন ঢাকা, ক্লিন ঢাকা” কেবল একটি স্লোগান নয়; এটি একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য ঢাকা গড়ার প্রত্যয়। যেখানে পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষার বিষয়ে বারবার তাগিদ দেওয়া হচ্ছে, সেখানে রাজধানীর একটি ব্যস্ত সড়কের ওপর যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলে রাখা অত্যন্ত দুঃখজনক। একজন আইনজীবী ও সচেতন নাগরিক হিসেবে দায়বদ্ধতা থেকেই কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়, বরং জনস্বার্থে এই পদক্ষেপ নিয়েছি।’